মুন্সীগঞ্জে আগুনে মা- দুই ছেলেসহ ৪ জনের মৃত্যু
মুন্সীগঞ্জ সদর উপজেলায় বসত ঘরে আগুন লেগে দুই শিশুসহ এক পরিবারের চারজন নিহত হয়েছেন।
শুক্রবার রাত দেড়টার দিকে উপজেলার বিনোদপুর গ্রামে এ ঘটনা ঘটে বলে মুন্সীগঞ্জ সদর থানার ওসি শহীদুল ইসলাম জানিয়েছেন।
নিহতরা হলেন- ফিরোজা বেগম (২৫), তার দুই বছরের ছেলে ফাহিম ও তিন মাসের ছেলে মাসুল বিল্লাহ। এ ঘটনায় ফিরোজার শাশুড়ি মারা গেছেন। তবে তার নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এই চারজন ঘুমিয়ে থাকা অবস্থায় ঘরে আগুন লাগে বলে জানান ওসি শহীদুল।
তিনি বলেন, বিনোদপুরে একটি ধানের চাতালের পাশে ছাপড়া ঘরে ফিরোজা, তার স্বামী, দুই ছেলে ও শাশুড়ি থাকতেন।
ফিরোজার স্বামী বরগুনায় গ্রামের বাড়িতে গেছেন।
“রাতে হঠাৎ ওই ঘরে আগুন জ্বলতে দেখে আশপাশের লোকজন ছুটে যায়। আগুন নেভানোর পর চারজনের লাশ উদ্ধার করা হয়,” বলেন ওসি শহীদুল ইসলাম।
তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি বলে জানান তিনি।
