তিন জেলায় দুর্ঘটনায় শিশুসহ ৩ জনের মৃত্যু
কক্সবাজার, নীলফামারী ও বরগুনা জেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক শিশুসহ তিন জনের মৃত্যু হয়েছে।
শুক্রবার সকালে এসব দুর্ঘটনায় আরো অন্তত ১৮ জন আহত হয়েছেন।
কক্সবাজারের টেকনাফ উপজেলায় ট্রাক ও বাসের সংঘর্ষে বেড়াতে আসা এক শিশু নিহত এবং বাসের চালকসহ অন্তত ১৫ জন আহত হন।
বরগুনার বামনা উপজেলায় নছিমন এবং ভাড়ায় যাত্রী নেয়া মোটরসাইকেলের সংঘর্ষে এক কলেজ ছাত্র নিহত ও অন্য তিনজন আহত হন।
নীলফামারী শহরে বাসচাপায় ওই বাসেরই এক যাত্রী নিহত হন।
কক্সবাজার
সকাল ৯টার দিকে টেকনাফের হ্নীলা ইউনিয়নের লেদা বিজিবি ক্যাম্প সংলগ্ন এলাকায় পর্যটকবাহী একটি বাসকে একটি ট্রাক ধাক্কা দিলে তিন বছরের শিশু মনতাহিনা মারা যায়।
মুনতাহিনা ঢাকার মধ্য বাড্ডা এলাকার মুফিজুর রহমানের মেয়ে।
এ দুর্ঘটনায় আহত মুনতাহিনার মা নাসরিন সুলতানা (৩০), পশ্চিম লেদা এলাকার আব্দুল আমিন (২৬), বাসচালক মো. রনি মাতুব্বর (৪০), ঢাকার মতিঝিলের ইকবাল হোসাইন (৫৮) ও তার স্ত্রী সামশুন্নাহারসহ (৫৫) ১৫ জনকে টেকনাফ ও কক্সবাজার সদর হাসপাতালে ভর্র্তি করা হয়েছে।
টেকনাফ থানার ওসি রঞ্জিত কুমার বড়–য়া জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের হাসপাতালে পাঠায়।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে তিনি জানান, বিজিবি ক্যাম্প এলাকা সংলগ্ন সড়কে ঢাকা থেকে পর্যটকবাহী সিলভার লাইন পরিবহনের একটি বাসকে লবণ ভর্তি একটি ট্রাক ধাক্কা দেয়।
স্থানীয়দের সহযোগিতায় বিজিবি সদস্যরা বাস থেকে শিশুটির মৃতদেহ এবং বাসে আটকা পড়া আহতদের উদ্ধার করেন।
বাসের যাত্রী জাকির হোসাইন জানান, বাসটি ৩৬ জন পর্যটক নিয়ে ঢাকা থেকে টেকনাফে যাচ্ছিল।
নীলফামারী
ঢাকা থেকে দুর্বার পরিবহনের একটি যাত্রীবাহী বাস সকাল সাড়ে ৭টায় নীলফামারী শহরের গাছবাড়িতে আসার পর বাসের লকার থেকে ব্যাগ নামাতে যান যাত্রী তাহাজ উদ্দিন (৩৫) ।
এ সময় গাড়িটি হঠাৎ ছেড়ে দিলে লকারের দরজার ধাক্কায় চাকার নিচে পড়ে যান তিনি। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
তাহাজ জেলার সদরের খোকশাবাড়ি ইউনিয়নের রামকলা বোর্ডের হাট গ্রামের চাঁন মিয়ার ছেলে।
নীলফামারী সদর থানার এসআই এরশাদুল আলম জানান, লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
বরগুনা
সকাল ১০টার দিকে বামনা উপজেলায় মাছবাহী নছিমন ও ভাড়ায় যাত্রী নেয়া একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে কলেজ ছাত্র হিরক বেপারী (২১) নিহত হন।
উপজেলার বুকাবুনিয়া-ডৌয়াতলা সড়কের লতাবুনিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত হিরক বুকাবুনিয়া গ্রামের মৃত হিরণ বেপারীর ছেলে এবং জেলার এম এ খালেক কৃষি কলেজের প্রথম বর্ষের ছাত্র।
এ ঘটনায় মোটরসাইকেল আরেক আরোহী হিরকের মা বাসন্তি রানী (৫৫), মোটরসাইকেলের চালক জীবন দাস (২৮) ও নছিমনের আরোহী আল আমীন (২৮) আহত হন।
বামনা থানার ওসি মো. রফিকুল ইসলাম জানান, নছিমনের চালককে আটক করা হয়েছে।
বাসন্তী রানীকে বামনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং গুরুতর আহত জীবন দাস ও আল আমীনকে আশঙ্কাজনক অবস্থায় বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজে হাসপাতালে পাঠানো হয়েছে।
