দিনে দুপুরে ব্যবসায়ীকে গলা কেটে হত্যা
ঢাকার কেরানীগঞ্জে এক বালু ব্যবসায়ীকে বাসা থেকে ডেকে নিয়ে প্রকাশ্যে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
নিহত মো. সেলিম আহমেদ (৪২) ড্রেজারের মাধ্যমে বালু তুলে জমি ভরাটের কাজ করতেন।
শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে কেরানীগঞ্জ মডেল থানার মুক্তিরবাগ এলাকায় এ ঘটনা ঘটে উপপরিদর্শক (এসআই) মো. শাহ আলম জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, দুই যুবক সেলিমকে তার আমিরবাগের বাসা থেকে ডেকে পাশের মহল্লা মুক্তিরবাগে নিয়ে যায়। সেখানেই কথা কাটাকাটির পর হত্যা করা হয় তাকে।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে শাহ আলম বলেন, “কথা কাটাকাটির এক পর্যায়ে এক যুবক ক্রিকেট খেলার স্ট্যাম্প দিয়ে সেলিমকে আঘাত করে। পরে এলোপাতাড়ি ছুরি মেরে তাকে রাস্তার ওপর ফেলে জবাই করে।”
এসআই শাহ আলম জানান, প্রকাশ্যে অনেকের সামনে এ ঘটনা ঘটায় পুলিশ হত্যাকারীদের সনাক্ত করতে পেরেছে। তবে তাদের নাম জানাননি তিনি।
বালু ব্যবসার বিরোধের জেরে সেলিমকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
নিহতের ছোট ভাই মণ্টুর অভিযোগ, সেলিমের ‘সঙ্গের ব্যবসায়ীরাই’ তাকে হত্যা করেছে।
ময়নাতদন্তের জন্য লাশ স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
