ফেনীতে বোমা বিস্ফোরণে আহত যুবলীগের নেতাকর্মী
বোমা তৈরির সময় বিস্ফোরণে যুবলীগের দুই নেতাকর্মী গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার দুপুর ৩টার দিকে ফেনীর দাগনভূঞায় আহত যুবলীগ নেতা সাইফুল ইসলাম (৩০) ও মোহাম্মদ আলম (২৭)।
আহতরো হচ্ছেন উপজেলার সিন্দুরপুর ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক এবং চন্দ্রপুর গ্রামের আবদুল মজিদের ছেলে সাইফুল ইসলাম (৩০)। একই ইউনিয়নের সমাসপুর গ্রামের জয়দেবপুর এলাকার নুরুল হকের ছেলে যুবলীগ কর্মী মোহাম্মদ আলম (২৭)।
তাদের প্রথমে দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়।
ফেনী সদর হাসপাতালের আরএমও অসীম কুমার সাহা জানান, হাতবোমা বিস্ফোরণে আহতদের মুখ ঝলসে গেছে।
অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতলের বার্ণ ইউনিটে তাদের স্থানান্তর করা হয়েছে বলে জানান তিনি।
হাতবোমায় দুই যুবলীগ নেতাকর্মীর আহত হওয়ার কথা শুনেছেন বলে জানান দাগনভূঞা থানার ওসি মো. নিজাম উদ্দিন।
তবে শনিবার উপজেলা নির্বাচন নিয়ে ব্যস্ত থাকায় এ বিষয়ে আর কোন মন্তব্য করতে রাজি হননি।
ফেনীর দাগনভূঞায় শুক্রবার দুপুর ৩টার দিকে বোমা তৈরির সময় এ বিস্ফোরণ ঘটে বলে স্থানীয়রা জানায়।
উপজেলা পরিষদ নির্বাচনের আগের দিন এ ঘটনা ঘটে। উপজেলার বিভিন্ন এলাকায় গত কয়েক দিনে কয়েক দফা হাতবোমা বিস্ফোরণ ঘটানো হয়।
জেলা রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. এনামুল হক জানান, এ উপজেলায় ৬২টি ভোটকেন্দ্রের মধ্যে ৫০টি কেন্দ্রকে গুরুত্বপূর্ণ (ঝুঁকিপূর্ণ) হিসেবে চিহ্নিত করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
এদিকে দাগনভূঞা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী জয়নাল আবদীন মামুন দাবি করেছেন বিএনপির কর্মীরা তাদের নেতাদের উপর হাতবোমা ছুড়ে মারলে তারা আহত হন।
