২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সেবা নিশ্চিতে সবার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রথমদিনের মতো অফিস করতে গিয়ে সংশ্লিষ্ট সবার সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2014, 02:56 PM

Updated : 01 Sep 2026, 12:36 PM

বৃহস্পতিবার সকালে ওই মন্ত্রণালয়ের আওতাধীন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়ের শুরুতেই শেখ হাসিনা বলেন, “রাজনৈতিক সমস্যা থাকবেই। জনগণের সমর্থন আমাদের আছে। আমাদের কোনো সমস্যা হবে না। আমাদের এগিয়ে যেতে হবে।”

দশম জাতীয় সংসদ নির্বাচনের পর টানা দ্বিতীয়বারের মতো সরকার গঠন করে আওয়ামী লীগ। এবার স্বরাষ্ট্র ও জ্বালানি মন্ত্রণালয় শেখ হাসিনা তার নিজের কাছে রেখেছেন।

জনগণের সেবাকে সরকারের প্রধান লক্ষ্য হিসাবে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, “জনগণের সেবা নিশ্চিত করা আমাদের লক্ষ্য। সেজন্য আমি সকলের সহযোগিতা কামনা করি।”

চোরাচালান বন্ধে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে পারস্পরিক সহযোগিতা বাড়াতে কাজ করার নির্দেশ নিয়ে তিনি বলেন, “অস্ত্র ও চোরাচালান অনেক কমেছে। কিন্তু এটা বন্ধ করতে হবে।”আত্মনির্ভরশীল হতে সুষ্ঠু পরিকল্পনা গ্রহণের ওপরও গুরুত্বারোপ করেন শেখ হাসিনা।

তিনি বলেন, “আমাদের নিজেদের বাজার রয়েছে। আমাদের নিজেদের সম্পদ ঠিকভাবে ব্যবহার করতে পারলে কোনো সমস্যা থাকবে না। আমরা যেকোনো কাজই করি না কেনো- তার সঙ্গে আইন-শৃঙ্খলা পরিস্থিতিটা জড়িত।”

দশম জাতীয় সংসদ নির্বাচনের আগে দাবি আদায়ের জন্য বিএনপি-জামায়াত জোটের রাজনৈতিক কর্মসূচিতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের হত্যাসহ সহিংসতার কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, সে সময় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো অত্যন্ত ধের্য্য ধরে পরিস্থিতি মোকাবেলা করেছে।

আর্থ-সামাজিক উন্নয়ন নিশ্চিত করার বিষয়ে গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী বলেন, “মানুষের দরকার নিরাপত্তা। মানুষ নিরাপদে ঘুমাতে চায়। নিরাপদে চলতে চায়। মানুষ নিরাপদে চলতে না পারলে আতংকগ্রস্ত হয়ে পড়বে।”

পুলিশ, বাংলাদেশ বর্ডার গার্ড, আনসার ও ভিডিপি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, কোস্ট গার্ড, মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর, কারা অধিদপ্তরসহ গুরুত্বপূর্ণ সংস্থাগুলো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে।

প্রধানমন্ত্রী বলেন, “স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশাল কর্মযজ্ঞ। অনেক প্রতিষ্ঠান জড়িত।”

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে প্রতিটি সংস্থা ঠিকভাবে কাজ করছে, মন্তব্য করে তিনি বলেন, “এটা নির্ভর করে সরকার কিভাবে নির্দেশ দেয়। কীভাবে পরিচালনা করে- তার ওপর।”

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ স্বরাষ্ট্র সচিব, ওই মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন সংস্থার প্রধান এবং মন্ত্রনালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।