২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জেনেভা যাচ্ছেন স্পিকার

ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) ১৩০তম সাধারণ অধিবেশনে যোগ দিতে শুক্রবার সুইজার‌ল্যান্ডের রাজধানী জেনেভা যাচ্ছেন জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2014, 02:34 PM

Updated : 01 Sep 2026, 12:36 PM

শুক্রবার রাত নয়টায় এমিরেটস এয়ারওয়েজের একটি ফ্লাইটে স্পিকার ঢাকা ছাড়বেন বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন তার একান্ত সচিব কামাল বিল্লাহ।

জেনেভা সফরকালে কয়েকটি দেশের স্পিকারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন শিরীন শারমিন।

আইপিইউর সম্মেলনে শিরীন শারমিন চৌধুরী ১৩ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন। প্রতিনিধি দলে আটজন সংসদ সদস্য রয়েছেন।

তারা হলেন- সাবের হোসেন চৌধুরী, হুইপ মো. শাহাব উদ্দিন, বিরোধী দলীয় প্রধান হুইপ তাজুল ইসলাম চৌধুরী, এবিএম ফজলে করিম চৌধুরী, পঞ্চানন বিশ্বাস, রুস্তম আলী ফরাজী, ফরহাদ হোসাইন এবং নাজমুল হক প্রধান।

‘রিনিইউয়িং আওয়ার কমিটমেন্ট টু পিস অ্যান্ড ডেমোক্রেসি’ এবারের আইপিইউ সম্মেলনের মূল প্রতিপাদ্য।

আগামী ২২ মার্চ শিরীন শারমিনের দেশে ফেরার কথা রয়েছে।