সাভারে পোশাক শ্রমিককে গলাকেটে হত্যা
সাভারে এক নারী পোশাক শ্রমিককে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) তাপস কুমার বিশ্বাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল ১১টার দিকে সাভার পৌর এলাকার ভাটপাড়া মহল্লার আনোয়ারের ভাড়া দেয়া বাড়ির একটি কক্ষ থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত আল্পনা বেগম (২৩) সাভারের হেমায়েতপুর এলাকার দস্তগীর অ্যাপারেলসের শ্রমিক। তার মা সুলেখা বেগমকে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আল্পনা সিরাজগঞ্জের উল্লাপাড়া থানা এলাকার আলতাফ মিয়ার মেয়ে।
উপ-পরিদর্শক (এসআই) তাপস কুমার বিশ্বাস বলেন, আল্পনাকে এলোপাথাড়ি কুপিয়ে ও গলাকেটে হত্যা করা হয়েছে। তার মাকেও একই কায়দায় জখম করলেও সে বেঁচে যায়।
ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেক) মর্গে পাঠানো হয়েছে।
সুলেখার অবস্থা আশঙ্কাজনক জানিয়ে পুলিশ কর্মকর্তা আরো বলেন, পূর্ব শত্রুতার জের ধরেই এ ঘটনা ঘটেছে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে।
