নিহত বাংলাদেশির লাশ ফেরত দিয়েছে বিএসএফ
কুড়িগ্রামের রাজীবপুর উপজেলায় নিখোঁজ যুবক শফিকুল ইসলাম ওরফে কালু শেখের (৩৫) লাশ উদ্ধারের ফেরত দিয়েছে বিএসএফ।
বিএসএফ-বিজিবির পতাকা বৈঠক শেষে বিকালে লাশ হস্তান্তর করা হয় বলে জানিয়েছেন বিজিবির বালিয়ামারী ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার মনির হোসেন।
সন্ধ্যায় পুলিশের মাধ্যমে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
মনির হোসেন বলেন, রাজীবপুর উপজেলার ভারতীয় সীমান্ত সংলগ্ন মিয়াপাড়ার তুলা শেখের ছেলে শফিকুল ইসলাম ওরফে কালু শেখ শুক্রবার সন্ধ্যায় নিখোঁজ হন।
“মঙ্গলবার মিয়াপাড়ায় সীমান্ত হাটের ভারতের কাঁটাতারের বেড়ার কাছে তার লাশ পাওয়া যায়। পরে বিজিবির উপস্থিতিতে বিএসএফ ময়নাতদন্তের জন্য লাশটি নিয়ে যায়।”
আইনি জটিলতায় লাশ বুঝে পেতে একদিন দেরি হয়, বলেন মনির হোসেন।
রাজীবপুর থানার এসআই জাহাঙ্গীর হোসেন জানান, কালু শেখের লাশ সন্ধ্যায় তার স্বজনদের কাছে বুঝিয়ে দেয়া হয়েছে।
