পাকিস্তান থেকে পার্সেলে এল ৮ কেজি হেরোইন
পাকিস্তান থেকে ডাকে চারটি পার্সেলে প্রায় আট কেজি হেরোইন এসেছে সিলেটে।
বুধবার সন্ধ্যায় হেরোইন পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট শুল্ক বিভাগের যুগ্ম কমিশনার জুয়েল আহমেদ।
শুল্ক বিভাগ এগুলো আসার গোপন সংবাদ আগে জেনে যাওয়ায় পার্সেলগুলো আটক করা হয় বলে জানান তিনি।
জুয়েল আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গত রোববার (৯ মার্চ) পাকিস্তানের লাহোর থেকে আসা পার্সেলের চারটি বড় প্যাকেটের ভিতরে ৪৪২টি মিনি প্যাকেট পাওয়া যায়। প্রতিটি প্যাকেটে ১৮ গ্রাম করে মোট ৭ দশমিক ৯৫ কেজি হেরোইন পাওয়া যায়।
জুয়েল বলেন, সিলেট অঞ্চলের পৃথক চার ব্যক্তির নামে এ পার্সেলগুলো আসে।
আটকের পর পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হওয়ার জন্য ঢাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে এগুলোর নমুনা পাঠানো হয়।
অধিদপ্তর তা পরীক্ষা করে হেরোইন হিসেবে সনাক্ত করে বলে জানান তিনি।
বুধবার বিকাল ৪টায় পরীক্ষার রিপোর্ট সিলেটের কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কার্যালয়ে আসে।
এ বিষয়ে আরো তদন্তের জন্য কাস্টমসের সহকারী কমিশনার মো. সেলিম রেজাকে প্রধান করে চার সদস্যের একটি কমিটি গঠন করেছে শুল্ক কর্তৃপক্ষ।
এ ঘটনায় সহকারী রাজস্ব কর্মকর্তা মিজানুর রহমান থানায় একটি মামলা করেছেন।
