ফেনীতে হামলায় যুবলীগনেতা আহত
ফেনীতে আধিপত্য বিস্তার নিয়ে প্রতিপক্ষের লোকজন জেলা যুবলীগের সাবেক এক নেতাকে কুপিয়ে আহত করেছে।
পুলিশ জানায়, বুধবার বিকালে সদর উপজেলার রানিরহাট দোস্ত টেক্সটাইল মিল এলাকায় এ হামলায় আহত লোকমান হোসেনকে (৩৫) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর পাঠানো হয়েছে।
স্থানীয়রা জানান, লোকমান হোসেন জেলা যুবলীগের সাবেক সদস্য ছিলেন। এখন কোনো কমিটিতে না থাকলেও যুবলীগের স্থানীয় একটি অংশের নেতৃত্বে আছেন।
ফেনী মডেল থানার পরিদর্শক (ওসি-তদন্ত) মো. আবুল কালাম আজাদ জানান, ফেনী সদর উপজেলার কাজিরবাগ ইউনিয়নের নতুন রানিরহাট এলাকায় স্থানীয় যুবলীগ ও ছাত্রলীগের দুটি পক্ষের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।
এরই জের ধরে আবদুর রৌপের পক্ষের সন্ত্রাসীরা লোকমানের পক্ষের ওপর হামলা করে এবং লোকমানকে কুপিয়ে গুরুতর জখম করে।
এ ঘটনায় বুধবার সন্ধ্যা পর্যন্ত থানায় কেউ লিখিত অভিযোগ বা মামলা করেনি বলে জানিয়েছে পুলিশ।
