২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৬ আইনজীবী ও বদিউল মজুমদার অ্যামিচি কিউরি

সংসদীয় আসনে একক  প্রার্থীকে নির্বাচিত ঘোষণার বৈধতা চ্যালেঞ্জ করে করা রিট আবেদনে সাতজনকে অ্যামিচি কিউরি নিয়োগ দিয়েছে আদালত।

সুপ্রিম কোর্ট প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2014, 07:50 PM

Updated : 01 Sep 2026, 12:36 PM

সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ ছয় আইনজীবীর সঙ্গে হাই কোর্ট নাগরিক সংগঠন সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদারের বক্তব্যও শুনবে।

অন্য ছয় অ্যামিচি কিউরি হলেন- ড. কামাল হোসেন, ব্যারিস্টার এম আমীর-উল ইসলাম, মাহমুদুল ইসলাম, ব্যারিস্টার রফিক-উল হক, ব্যারিস্টার মওদুদ আহমদ ও ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ।

বুধবার বিচারপতি বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের বেঞ্চ দশম সংসদ নির্বাচনে গাজীপুর-১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে চাওয়া এক ব্যক্তির রিট আবেদনে এই সাতজনের বক্তব্য শোনার সিদ্ধান্ত নেয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাণিজ্যে স্নাতকোত্তর ডিগ্রিধারী বদিউল মজুমদার বিদেশি সাহায্যে পরিচালিত বেসরকারি সংস্থা দি হাঙ্গার প্রোজেক্ট গ্লোবাল বাংলাদেশ এর আবাসিক প্রতিনিধি।

জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান ও স্বনির্ভর গ্রুপের চেয়ারম্যান আব্দুস সালাম গত ডিসেম্বরে এই রিট আবেদনটি করেন।

বদিউল আলম মজুমদার (ফাইল ছবি)

বদিউল আলম মজুমদার (ফাইল ছবি)

বদিউল আলম মজুমদার (ফাইল ছবি)

তিনি দশম সংসদ নির্বাচনে গাজীপুর-১ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে চেয়েছিলেন। কিন্তু সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা তার মনোনয়নপত্র বাতিল করে দেন।

দলের চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেয়ায় আর এর বিরুদ্ধে আইনি লড়াই চালাননি বলে জানান সালাম।

তা রিট আবেদনে গত ১৬ ফেব্রুয়ারি হাই কোর্ট একটি রুল দেয়। এতে জানতে চাওয়া হয়, একক প্রার্থীকে সংসদ সদস্য ঘোষণার বিধান সম্বলিত গণপ্রতিনিধিত্ব আদেশের ১৯ ধারা কেন সংবিধান বহির্ভূত ঘোষণা করা হবে না।

এই রিটে বিবাদী করা হয়েছে মন্ত্রিপরিষদ সচিব, আইন সচিব, প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশন সচিবালয়ের সচিবকে।

বিএনপিবিহীন দশম সংসদ নির্বাচনে যাচাই-বাছাই ও মনোনয়নপত্র প্রত্যাহারের পর ১৫৩ আসনে এককপ্রার্থী থাকায় তাদের বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ।

সালামের রিট আবেদনে বলা হয়, জনগণের অংশগ্রহণ ছাড়া একক প্রার্থীদেরকে সাংসদ ঘোষণা করা হলে সংবিধানের ৭, ১১, ২৭, ৩১, ৬৫(২), ১২১ এবং ১২২(১) ধারা লঙ্ঘিত হবে।