চট্টগ্রামে ভূমি অফিসে ‘দালালি’র জন্য ২ জনকে দণ্ড
চট্টগ্রামে ভূমি অফিসে সেবা গ্রহীতাদের সঙ্গে প্রতারণার দায়ে দুই জনকে এক মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
এরা হলেন- মো. দিদার (৩৮) ও মো. জসীম (২৫)।
চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এসএম আব্দুল কাদের বুধবার সকালে নগরীর ষোলশহর এলাকায় অবস্থিত আগ্রাবাদ ও চান্দগাঁও অঞ্চলের ভূমি অফিসে অভিযান চালিয়ে তাদের দণ্ড দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে আব্দুল কাদের বলেন, “সকালে ভূমি অফিস পরিদর্শনে গিয়ে তাদের হাতেনাতে ধরা হয়।
“এসময় তারা ভূমি অফিসে আসার সুনির্দিষ্ট কোনো কারণ বলতে না পারায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।”
তাদের বিরুদ্ধে আগেও এ ধরনের অভিযোগ ছিল বলে জানান অতিরিক্ত জেলা প্রশাসক।
