২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাই কোর্টে সাংবাদিক-আইনজীবী হট্টগোল

হাই কোর্টের একটি আদালতে সংবাদ সংগ্রহের দায়িত্বে থাকা সাংবাদিকদের সঙ্গে আইনজীবীদের হট্টগোলের ঘটনা ঘটেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2014, 11:38 AM

Updated : 01 Sep 2026, 12:35 PM

সকাল সাড়ে ১০টার পর বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি জাফর আহমদের বেঞ্চের কার্যক্রম শুরুর সময় আদালতে দাঁড়ানো নিয়ে কয়েকজন আইনজীবীর সঙ্গে সাংবাদিকদের বাক-বিতণ্ডা শুরু হয়।

বিপুল সংখ্যক আইনজীবী ও সাংবাদিকের উপস্থিতির কারণে স্বল্প পরিসরের আদালত কক্ষে এ সময় তিল ধারণের ঠাঁই ছিল না। এ অবস্থায় কয়েকজন আইনজীবী আদালত কক্ষ থেকে সাংবাদিকদের সরে যেতে বললে সংবাদকর্মীরা এর প্রতিবাদ করেন। এক পর্যায়ে ব্যাপক হৈ চৈ ও ধাক্কাধাক্কি শুরু হয়ে যায়।

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন একাংশের সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল ও ল’ রিপোর্টার্স ফোরামের সভাপতি সালেহ উদ্দিনসহ জ্যেষ্ঠ সাংবাদিকরা এ সময় বিষয়টি মীমাংসার চেষ্টা করলেও হট্টগোল চলতে থাকে। এরপর বিচারকরাও এজলাস থেকে নেমে যান।

পরে পুলিশ এসে আদালত কক্ষ থেকে সাংবাদিকদের বের করে দিয়ে কক্ষের দরজা বন্ধ করে দেয়। তবে আদালতের বারান্দায় এরপরও হট্টগোল চলে।

উভয় পক্ষের মধ্যে বেশ কিছু সময় বাকবিতণ্ডার পর জ্যেষ্ঠ সাংবাদিকদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। সাংবাদিক নেতারা সেখান থেকে সংবাদকর্মীদের নিয়ে অ্যানেক্স ভবনের খোলা চত্ত্বরের সামনে অবস্থান নেন।

পরিস্থিতি শান্ত হয়ে এলে আদালতে আসেন দুই বিচারক। আদালত অবমাননার অভিযোগে তলব করা সাত সাংবাদিকের বিষয়ে আংশিক শুনানিও করেন তারা।

দৈনিক আজকালের খবরের জ্যেষ্ঠ প্রতিবেদক আশীষ কুমান সেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সকালে আমরা আদালত কক্ষে ঢোকার পর সেখানে ব্যাপক ভিড় দেখি। আদালতে বিপুল সংখ্যক আইনজীবী ও সাংবাদিক উপস্থিত ছিলো। এ সময় সেখানে আইনজীবী সৈয়দ মামুন মাহবুব সাংবাদিকদের নিয়ে গালাগালি করে কথা বলেন।

“আমি তাদের নিবৃত্ত করতে চাইলে তিনি তাতে সাড়া দেননি। কথা কাটাকাটির এক পর‌্যায়ে আমাদেরকে অপমান করে বের করে দেয়ারও চেষ্টা করে। সাংবাদিক নেতৃবৃন্দ আইনজীবীদের শান্ত হতে অনুরোধ করেন। এক পর‌্যায়ে  তাদের নিয়েও উত্তপ্ত মন্তব্য করেন আইনজীবীরা।”

এ সময় বেঞ্চের জ্যেষ্ঠ বিচারক সবাইকে শান্ত হতে বললেও আইনজীবীরা তাতে সাড়া দেননি বলে অভিযোগ করেন আশীষ।

তিনি বলেন, “সাংবাদিকরা আদালত কক্ষ থেকে বের হয়ে গেলেও আইনজীবীদের কয়েকজন তেড়ে আসে। হট্টগোলের এক পর‌্যায়ে আমরা নেতৃবৃন্দের সঙ্গে ভবন থেকে বের হয়ে আসি।”

আশীষের অভিযোগের বিষয়ে কথা বলতে সৈয়দ মামুন মাহবুবের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।

পরে সুপ্রিম কোর্টের অ্যানেক্স ভবনের সামনে ল’ রিপোটার্স ফোরামের সভাপতি সালেহ উদ্দিন বলেন, “আমাদের সাংবাদিক নেতৃবৃন্দকে আদালত ডেকেছিলেন। তারা আজ আদালতে হাজির হয়েছেন। তাদের সঙ্গে সমব্যথী হয়ে অনেক সাংবাদিকও হাজির হয়েছিলেন। কিন্তু আইনজীবীদের সঙ্গে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে।পরে আমরা পরিস্থিতি শান্ত করি।”

দৈনিক প্রথম আলোয় প্রকাশিত দুটি লেখা নিয়ে সম্প্রতি পত্রিকাটির যুগ্ম সম্পাদক মিজানুর রহমান খানকে তলব করে হাই কোর্টের এই বেঞ্চ। তার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগের বিষয়ে শুনানিতে গত বৃহস্পতিবার গণমাধ্যম ও সাংবাদিকতা পেশা নিয়ে কথা বলেন আইনজীবী রোকন উদ্দিন মাহমুদ।

ওই বক্তব্য প্রত্যাহারের দাবিতে শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি, ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবদিক সমিতি ও বরিশাল বিভাগীয় সাংবাদিক সমিতি আলাদা বিবৃতি দিলে দৈনিক সমকাল ও নয়া দিগন্ত তা প্রকাশ করে। পরদিন রোকন উদ্দিন ওই দুটি পত্রিকার প্রতিবেদন আদালতের নজরে আনলে বিচারক আদালত অবমাননার রুল দেন।

সমকাল ও নয়া দিগন্তের সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকরের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে কেন ব্যবস্থা নেয়া হবে না- তা জানতে চাওয়া হয় ওই রুলে।

পাশাপাশি বিবৃতি দেয়ার বিষয়ে ব্যাখ্যা দিতে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি শাহেদ চৌধুরী ও সাধারণ সম্পাদক ইলিয়াস খান; বরিশাল বিভাগীয় সাংবাদিক সমিতির সভাপতি আবদুর রহমান ও সাধারণ সম্পাদক ইলিয়াস খান, ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি এম এম জসিম ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসাইন; জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি কাজী মোবারক হোসেন ও সেক্রেটারি এম সুজাউল ইসলামকে বুধবার আদালতে হাজির হতে বলা হয়।