২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নোয়াখালীতে অপহৃত আ. লীগ নেতাকে আহত অবস্থায় উদ্ধার

নোয়াখালীর চাটখিল উপজেলার নোয়াখলা ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য আবু হানিফ রিপনকে (৩৫) অপহরণের একদিন পর আহত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ।

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2014, 12:36 AM

Updated : 01 Sep 2026, 12:35 PM

চাটখিল থানার ওসি মো. ইবরাহিম খলিল জানান, মঙ্গলবার রাত ১০টার দিকে লক্ষ্মীপুরের বশিকপুর এলাকায় সড়কের পাশ থেকে সংজ্ঞাহীন অবস্থায় রিপনকে উদ্ধার করা হয়।

উদ্ধারের পর রিপনকে চিকিৎসার জন্য চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

সোমবার রাতে বাড়ির সামনের নিজ কার্যালয় থেকে অপহরণ হন এই আওয়ামী লীগ নেতা। তাকে যেখানে পাওয়া গেছে, তা লক্ষ্মীপুর জেলায় হলেও তা চাটখিল সীমান্তবর্তী।

নোয়াখলার ৪ নম্বর সিংবাহুড়া ওয়ার্ডের সদস্য রিপন সন্ধ্যার পর থেকে বাড়ির পাশে কার্যালয়ে বসে ছিলেন। রাত পৌনে ১০টার দিকে মোটর সাইকেলযোগে এসে দুই যুবক অস্ত্রের মুখে তাকে তুলে নিয়ে যায়।

ওসি বলেন, রিপনকে অপহরণের পর থেকে বিভিন্ন স্থানে উদ্ধার অভিযান চালায় পুলিশ। এর মধ্যেই তাকে পাওয়া যায়।

এই অপহরণে জড়িত সন্দেহে রাসেল (২৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

রিপনের স্ত্রী ফাতেমা বেগম সাংবাদিকদের বলেন, “অপহরণের আগে ওই এলাকায় যুবলীগ নামধারী সন্ত্রাসী রাসেলকে মোটর সাইকেলে মহড়া দিতে দেখা গেছে।”

রিপন সুস্থ হয়ে উঠলে তার কাছ থেকে অপহরণকারীদের পরিচয় এবং অপহরণের কারণ নিশ্চিত হওয়া যাবে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

এদিকে রাসেলকে আটকের পর চাটখিল উপজেলা সদরে যুবলীগের স্লোগান দিয়ে একদল যুবক ১০-১২টি দোকান ও একটি বাসসহ চারটি গাড়ি ভাংচুর করে।