মাছ ও পশুর খাবারে শুকরের ডিএনএ!
বিদেশ থেকে আনা মাছ ও পশুর খাদ্যে শুকরের ডিএনএর অস্তিত্ব পেয়েছে বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর), যা আমদানি নিষিদ্ধ।
পশু খাদ্যে ব্যবহৃত বিভিন্ন প্রাণির মাংস ও হাড়ের গুঁড়ো (মিট ও বোন মিল) পরীক্ষায় এ তথ্য উঠে এসেছে বলে মঙ্গলবার এক সেমিনারে বিসিএসআইআর এর জ্যেষ্ঠ বৈজ্ঞানিক কর্মকর্তা রেজাউল করিম জানান।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দেশের বিভিন্ন বাজার থেকে ২২টি ব্র্যান্ডের পশু খাদ্য পরীক্ষা করা হয়। যার মধ্যে প্রপাক, পাঙ্গাস গ্রোয়ার, জ্যাসো পোর্টসহ সাতটিতে শুকরের ডিএনএ পাওয়া গেছে।“
খাদ্যের নমুনা সগ্রহের পর তিনমাস ধরে ৪ জন বিজ্ঞানী বিসিএসআইআরের চট্টগ্রাম এবং রাজশাহীর ল্যাবরেটরিতে এগুলো পরীক্ষা করেন।
রেজাউল জানান, এসব খাদ্য অ্যাকুরিয়াম ও পুকুরের মাছ, মুরগি এবং পশুর খাদ্য হিসেবে ব্যবহৃত হয়।
দেশের আমদানি নীতি ২০১২-২০১৫ এর ১৭ ধারা অনুযায়ী, আমদানি করা পশু খাদ্য খালাসের আগে রপ্তানিকারক দেশের উপযুক্ত কর্তৃপক্ষের কাছ থেকে নেয়া ‘শুকরের বাই প্রোডাক্ট মুক্ত’ শীর্ষক প্রত্যয়নপত্র দাখিল করতে হয়।
প্রাণিসম্পদ অধিদপ্তরের তথ্য মতে, প্যারাগুয়ে, নেদারল্যান্ডস, অস্ট্রেলিয়া এবং ভারত থেকে পশু খাদ্যের বোন ও মিট মিল আমদানি হয়।
অধিদপ্তরের মহাপরিচালক সহিদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা কোনো কিছুই টেস্ট না করে পণ্য খালাসের অনুমতি দিই না।”
তবে কিভাবে দেশের পশু ও মৎস্য খাদ্যে শুকরের ডিএনএ পাওয়া গেল- এ প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমি বলতে পারব না।“
বিসিএসআইআর চেয়ারম্যান অধ্যাপক আহমেদ ইসমাইল মোস্তফা দাবি করেছেন, তাদের পরীক্ষায় কোনো ক্রটি নেই।
“আমরা নমুনা সংরক্ষণ করি। যদি কারো কোনো সন্দেহ থাকে তাহলে তারা আমাদের সাথে ক্রস চেক বা পুনঃপরীক্ষা করতে পারে।“
এদিকে শুকরের মিট ও বোন মিল আমদানির সঙ্গে জড়িতদের বিচার দাবি করেছেন অ্যানিমেল হেলথ কোম্পানিজ অ্যাসোসিয়েশনের (আহকাব) সাধারণ সম্পাদক নজরুল ইসলাম ।
শুকরের বোন মিল খাওয়ালে খুব অল্প সময়ে ব্রয়লার মুরগি খাবারের উপযোগী করা সম্ভব বলে এটি সবচেয়ে বেশি ব্যবহৃত হয় বলে স্বীকার করেন তিনি।
