শ্রীপুরে ছাত্রলীগ নেতা খুন: প্রার্থী ও মেয়রের বিরুদ্ধে মামলা
গাজীপুরের শ্রীপুর উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে দুই চেয়ারম্যান পদপ্রার্থীর সমর্থকদের সংঘর্ষে ছাত্রলীগ নেতা নিহত হওয়ার ঘটনায় মামলা হয়েছে।
শ্রীপুর থানার ওসি আমির হোসেন জানান, সোমবার রাতেই পৌর ছাত্রলীগের সদস্য নিহত আল আমীনের বাবা আবুল হোসেন বাদী হয়ে শ্রীপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
এ নিয়ে সংঘর্ষ ও হত্যার ঘটনায় তিনটি মামলা হলো।
আল আমীনের বাবার করা মামলায় স্থানীয় উপজেলা চেয়ারম্যান ইকবাল হোসেন সবুজ ও শ্রীপুর পৌরসভার মেয়র মো. আনিসুর রহমানসহ ৩৫ জনের নামোল্লেখসহ অজ্ঞাত পরিচয় আরো ৬০ জনকে আসামি করা হয়েছে।
মামলায় বলা হয়, শনিবার দুপক্ষের সংঘর্ষের সময় অভিযুক্তরা আল আমীনকে পিটিয়ে ও গুলি করে নর্দমায় ফেলে পালিয়ে যায়। ওই সংঘর্ষে আল আমিন ছাড়াও আরো অন্তত ৫০ জন আহত হন।
রোববার রাত সাড়ে ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় ঢাকার একটি হাসপাতালে আল আমীনের মৃত্যু হয়।
শ্রীপুর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আব্দুল জলিলকে শুক্রবার র্যর্যাব আটক করলে প্রায় সাড়ে তিন ঘণ্টা ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় তার সমর্থকরা।
জলিলকে ছেড়ে দেয়ার পর কর্মী-সমর্থকরা চলে গেলেও নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী ইকবাল হোসেন সবুজের কর্মী-সমর্থকদের সঙ্গে শনিবার তাদের সংঘর্ষ বাধে।
সংঘর্ষের সময় প্রকাশ্যে গুলি ছোড়া, গাড়ি ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটে। আহত হন অন্তত ৫০ জন।
আগামী ১৫ মার্চ নির্বাচনের কথা থাকলেও এ ঘটনার পর তা স্থগিত করা হয়েছে।
ওই সংঘর্ষের ঘটনায় শ্রীপুর থানার উপ-পরিদর্শক মো. কবির হোসেন বাদী হয়ে ঘটনার দিন রাতে অজ্ঞাত পরিচয় ৩৫০ জনকে আসামি করে একটি এবং রোববার চেয়ারম্যান পদপ্রার্থী সবুজের ভাই শাখাওয়াত হোসেন ১০ জনের নামোল্লেখ ও অজ্ঞাত পরিচয় আরো ৪০-৫০ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন।
ওই সংঘর্ষের ঘটনায় পুলিশ দুই অস্ত্রধারীসহ ২২ জনকে গ্রেপ্তার করেছে।
