২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ধামরাইয়ে টেক্সটাইলের ৬৬ লাখ টাকা ছিনতাই

ঢাকার ধামরাই উপজেলায় গুলি করে ও হাতবোমা ফাটিয়ে একটি টেক্সটাইল মিলের ৬৬ লাখ টাকা ছিনতাই করেছে দুবৃত্তরা। এতে দুজন আহত হয়েছেন।  

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2014, 09:06 PM

Updated : 01 Sep 2026, 12:35 PM

সোমবার বিকালে কালামপুর বাসস্ট্যান্ডের কাছে আলহাজ করিম টেক্সটাইল মিলের এ টাকা ছিনতাই হয় বলে পুলিশ জানিয়েছে।

গুলিবিদ্ধ কারখানার প্রধান নিরাপত্তা কর্মকর্তা আব্দুল করিম হাওলাদারকে সাভার সিএমএইচএ ভর্তি করা হয়েছে। একজনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।

ধামরাই থানার ওসি আব্দুর রশিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কালামপুর বাসস্ট্যান্ড সংলগ্ন আলহাজ করিম টেক্রাটাইল মিলের ডেপুটি ম্যানেজার আব্দুল আলীম, প্রধান নিরাপত্তা কর্মকর্তা আব্দুল করিম হাওলাদারসহ আরও কয়েকজন কর্মকর্তা ওই কারখানার শ্রমিকদের বেতন দেওয়ার জন্য কালামপুর বাজারস্থ ইসলামী ব্যাংক থেকে ৬৬ লাখ টাকা উত্তোলন করেন।

এরপর তারা কারখানার নিজস্ব মাইক্রোবাসে টাকাগুলো নিয়ে কালামপুর বাসস্ট্যান্ড সংলগ্ন কারখানার উদ্দেশে রওনা হন।

ব্যাংক থেকে প্রায় এক কিলোমিটার পথ যাওয়ার পরই বিকাল সাড়ে ৪টার দিকে কালামপুর-সাটুরিয়া সড়কের কালামপুর মোড়ে দুটি মাইক্রোবাস ও তিনটি মোটরসাইকেল দিয়ে টাকা বহনকারী মাইক্রোবাসটির গতিরোধ করে প্রথমে ভাংচুর চালায়।

“পরে এলাপাথাড়ি গুলিবর্ষণ করে ৬৬ লাখ টাকা ছিনিয়ে নেয় তারা,” বলেন ওসি রশিদ।

গুলিতে প্রধান নিরাপত্তা কর্মকর্তা ও মাইক্রোবাস চালক আহত হন।

এসময় তাদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে কয়েকটি হতবোমা বিস্ফোরণ ঘটিয়ে আতংক সৃষ্টি করে পালিয়ে যায় দূবৃত্তরা।

রাতে ঢাকার সহকারী পুলিশ সুপার (এএসপি) রাসেল শেখ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রকৃত ঘটনা অনুসন্ধানের জন্য ঘটনাস্থলে লোকজনদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

শিগগিরই আশানুরূপ ফল পাওয়া যাবে বলে তিনি দাবি করেন।