২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামের সৌন্দর্য বর্ধনের কাজ নিয়ে অসন্তোষ

টি-টোয়েন্টি বিশ্বকাপকে ঘিরে চট্টগ্রাম নগরীর সৌন্দর্য বর্ধনের কাজের মান নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন জেলা প্রশাসক আব্দুল মান্নান।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2014, 08:08 PM

Updated : 22 Aug 2022, 05:51 PM

সোমবার চট্টগ্রাম সার্কিট হাউস মিলনায়তনে বিভিন্ন সংস্থার সঙ্গে সমন্বয় সভায় সভাপতির বক্তব্যে তিনি বলেন, “বহদ্দার হাট থেকে লালখানবাজার সড়কে রাস্তার দু’পাশে সিটি কর্পোরেশন কিছু কাজ করছে, যা অত্যন্ত নিম্ন মানের।”

এসময় পরিচ্ছন্নতার পাশাপাশি মশা নিধনের ওপর নজর দেয়ার জন্য সিটি কর্পোরেশনকে পরামর্শ দেন জেলা প্রশাসক।

তিনি বলেন, “গাছের নিচে চুন দেয়া ক্ষতিকর। কিন্তু আমাদের দেশে একাজটি বেশি করা হয়। এটা না করলেও চলে।”

বিমানবন্দর সড়ক নিয়ে অসন্তোষ প্রকাশ করে জেলা প্রশাসক মান্নান বলেন, বিমানবন্দর থেকে খেলোয়াড়রা যখন বের হবেন তখন তারা খুশী হবেন। কিন্তু একটু যাওয়ার পরই ভাঙ্গা রাস্তা দেখে তারা মনক্ষুণ্ন হবেন।”

এজন্য রাস্তাটিও দ্রুত সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন তিনি।

বিভিন্ন সময়ে চট্টগ্রামে অনুষ্ঠিত আন্তর্জাতিক ক্রিকেট টুর্নামেন্টের নিরাপত্তায় নগর পুলিশ কর্তৃপক্ষের প্রশাংসা করেন জেলা প্রশাসক।

খেলোয়াড়দের শতভাগ নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি পরিবহন ব্যবস্থার ওপর জোর দেয়ার পরামর্শ দেন তিনি।

পরে সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনী বলেন, টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে এমএ আজিজ স্টেডিয়াম ও ওয়াসা মোড়ে সিটি কর্পোরেশন দুইটি স্থাপনা নির্মাণের কাজ চলছে, যা আগামী ১২ মার্চের মধ্যে শেষ হওয়ার আশা প্রকাশ করেন তিনি।

এছাড়া একই সময়ে এক হাজার পতাকা ওড়ানো হবে বলেও জানান তিনি।

চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি ও চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সহ-সভাপতি আলী আব্বাস বলেন, নগরীর বিভিন্ন স্থানে আলোকসজ্জা করা হলেও বিমানবন্দর সড়কে এবং বিমান বন্দর এলাকায় কোথাও কোনো ধরনের আলোকসজ্জা করা হয় নি।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ও চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিনের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার খলিলুর রহমান ও বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা।