২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মানহানি: প্রথম আলো সম্পাদকের বিরুদ্ধে সমন

মানহানির অভিযোগে প্রথম আলো সম্পাদক ও প্রকাশক মতিউর রহমানসহ তিন জনের বিরুদ্ধে ২০০ কোটি টাকা ক্ষতিপূরণের মামলা আমলে নিয়ে সমন জারি করেছে আদালত। 

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2014, 05:26 PM

Updated : 01 Sep 2026, 12:35 PM

মামলার গ্রহণযোগ্যতার শুনানি করে ঢাকার চতুর্থ যুগ্ম জেলা জজ মুহাম্মদ আবু তাহের সোমবার এই আদেশ দেন।

আগামী ১৩ জুলাই বিবাদিদের আইনজীবীর মাধ্যমে অভিযোগের বিষয়ে নিজেদের ব্যাখ্যা দিতে হবে।

অপর দুই বিবাদি হলেন- প্রথম আলোর বার্তা সম্পাদক/প্রধান বার্তা সম্পাদক ও কুমিল্লার নিজস্ব প্রতিবেদক।

জাহাজ নির্মাণকারী প্রতিষ্ঠান ‘কর্ণফুলী শিপ বিল্ডার্স লিমিটেডের’ মালিক প্রকৌশলী এম এ রশিদ গত ৩ মার্চ আদালতে এ মামলা দায়ের করেন।

মামলার আর্জিতে বলা হয়, পত্রিকাটি উদ্দেশ্যমূলকভাবে গত বছরের ২১ ও ২২ ডিসেম্বর এবং চলতি বছরের ২৩ ও ২৪ ফেব্রুয়ারি বিভিন্ন শিরোনামে এম এ রশিদ ও তার প্রতিষ্ঠানের বিরুদ্ধে ‘মিথ্যা সংবাদ’ প্রকাশ করে।

প্রকাশিত সংবাদগুলোর শিরোনাম ছিল ‘মন্ত্রীর পরিচিতকে রেলের জমি দেয়ার উদ্যোগ’ (২১ ডিসেম্বর), সরকারি জমি নয় ছয় কার স্বার্থে’ (২২ ডিসেম্বর), ‘ঠিকাদারের দাওয়াতে হাজির তিন মন্ত্রী’ (২৩ ফেব্রুয়ারি)।

এছাড়া ‘রেলপথ মন্ত্রীর জমি সম্প্রদান’ এবং ‘দাওয়াত সংবর্ধনা আর কত’ শিরোনামে দুই দিন ছাপা হয় সম্পাদকীয়।

বাদির আইনজীবী মনিরুজ্জামান হাওলাদার বলেন, এমএ রশিদ ‘ঢাকা সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজেরও প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। এসব ‘মিথ্যা সংবাদ’ প্রকাশের কারণে তার শিক্ষা ও ব্যবসা প্রতিষ্ঠানে ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। এ জন্য তিনি ২০০ কোটি টাকার ক্ষতিপূরণ চেয়ে মামলা করেছেন।

‘প্রথম আলো’র বিরুদ্ধে ২০০ কোটি টাকার মানহানি মামলা