নাটোরে যুবলীগ নেতাকে কুপিয়ে জখম
প্রতিমন্ত্রীর অনুষ্ঠানে ইউপি চেয়ারম্যানকে বরণ না করায় নাটোরের সিংড়া উপজেলায় এক যুবলীগ নেতাকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা।
রোববার উপজেলা পরিষদ চত্বরে এ হামলায় আহত রামানন্দ খাজুরা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুস সালামকে (৩০) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
সিংড়া থানার ওসি শফিকুল ইসলাম হামলার সত্যতা স্বীকার করে বলেন, লিখিত অভিযোগ পেলে অভিযুক্তদের গ্রেপ্তার করা হবে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার বিকালে উপজেলার ভোগা আশ্রয়ন প্রকল্পে বিদ্যুত সরবরাহ উপলক্ষে প্রকল্প এলাকায় আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ।
অনুষ্ঠানে প্রতিমন্ত্রীকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। কিন্তু অনুষ্ঠানে উপস্থিত রামানন্দ খাজুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুলতান আহমেদ ওরফে বাবা সুলতানকে ফুল দিয়ে বরণ করা হয়নি।
এতে চেয়ারম্যানের ভাই ও যুবলীগ কর্মী ফেরদৌস আহমেদ ক্ষিপ্ত হয়ে অনুষ্ঠানের একটি ব্যানর ছিঁড়ে ফেলেন। এই ঘটনায় ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুস সালামের সঙ্গে ফেরদৌস আহমেদের কথা কাটাকাটি হয়।
রোববার সকাল ১১টার দিকে আব্দুস সালাম উপজেলা পরিষদ চত্বরে এলে মোল্লা ফারুক ও ফেরদৌস আহমেদসহ কয়েকজন যুবক সালামকে পিটুনি দেয় এবং ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপায়।
পরে লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
উপজেলা যুবলীগের সভাপতি শরিফুল ইসলাম মারপিটের সত্যতা স্বীকার করে বলেন, এ ব্যাপারে আইনগত ও সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হচ্ছে।
তবে, চেয়ারম্যান সুলতান আহমেদ বলেন, “সালামকে মারা হয়নি। আমার ভাইদের সাথে ঠেলাঠেলি হয়েছে।”
