সরকারের সঙ্গে কাজ করে যাবে ওআইসি: মহাসচিব
৫ জানুয়ারির নির্বাচন অবাধ হয়েছে মন্তব্য করে নতুন সরকারের সঙ্গে কাজ করে যাওয়ার কথা জানিয়েছেন মুসলিম রাষ্ট্রগুলোর সংগঠন ওআইসির সফররত মহাসচিব আইয়াদ আমিন মাদানি।
দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো ঢাকা সফরে এসে রোববার পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী ও পররাষ্ট্র সচিব শহিদুল হকের সঙ্গে সাক্ষাতের পর সাংবাদিকদের একথা বলে তিনি।
দেশে-বিদেশে আলোচিত দশম জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সাংবাদিকরা ওআইসির অবস্থান চাইলে আইয়াদ বলেন, সদস্য দেশগুলোর অভ্যন্তরীণ রাজনৈতিক বিষয়ে ওআইসি কখনোই হস্তক্ষেপ করে না।
নির্বাচনকে স্বাগত জানিয়ে তিনি বলেন, “বাংলাদেশ একটি স্বাধীন, গণতান্ত্রিক দেশ এবং এখানে নির্বাচনও অবাধ হয়েছে।”
বিএনপি নেতৃত্বাধীন প্রধান বিরোধী জোটের বর্জনের মধ্যে গত ৫ জানুয়ারি দেশে দশম জাতীয় সংসতদ নির্বাচন অনুষ্ঠিত। এ নির্বাচনে বিজয়ী হয়ে আওয়ামী লীগ টানা দ্বিতীয়বারের মত সরকার গঠন করে। আর সংসদে বিনেরাধী দলের আসনে রয়েছে জাতীয় পার্টি।
বাংলাদেশের রাজনীতিবিদরা ওআইসির সঙ্গে কীভাবে কাজ করতে চান তা জানতেও আগ্রহ দেখান ওআইসি মহাসচিব।
তিনি বলেন, “আমাদের উগ্রবাদ নিয়েও লড়াই করতে হবে। আমরা ইসলামকে ছিনতাই হতে দিতে পারি না। ইসলাম হচ্ছে সহনশীলতা, পারস্পরিক সহমর্মিতা এবং মুক্তচিন্তার একটি বিজ্ঞানসম্মত পন্থা।”
তিনদিনের সফরে সকালে ঢাকায় পৌঁছান জানুয়ারিতে ওআইসি মহাসচিবের দায়িত্ব নেয়া আইয়াদ। তিনি ওআইসির ৫ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন।
বিকালে সচিবালয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সঙ্গে দেখা করেন ওআইসি মহাসচিব।
পরে মাগরিবের নামাজের বিরতির সন্ধ্যায় সংসদের কার্যক্রম দেখছেন মহাসচিব।
স্পিকার শিরীন শারমিন চৌধুরী তার নাম ঘোষণা করলে অধিবেশনে উপস্থিত সদস্যরা টেবিল চাপড়ে ওআইসি মহাসচিব ইয়াদ আমিন মাদানিকে স্বাগত জানান।
সফরকালে রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ একাধিক মন্ত্রীর সঙ্গে তার সাক্ষাতের কথা রয়েছে।
