সোনালী ব্যাংকের সব শাখার নিরাপত্তায় সময় লাগবে: মুহিত
ঋণ কেলেঙ্কারি ও কিশোরগঞ্জে সুরঙ্গ পথে টাকা চুরির পর সোনালী ব্যাংকের নিরাপত্তা ব্যবস্থা অনেকটা উন্নত হলেও সবগুলো শাখায় তা নিশ্চিত করতে আরো সময় লাগবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
রোববার সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভা শেষে সাংবাদিকদের এ কথা বলেন অর্থমন্ত্রী।
একদিন আগেই সুরঙ্গ কেটে চুরির ঘটনার পুনরাবৃত্তি ঘটিয়ে বগুড়ার আদমদীঘি শাখার ভল্ট কেটে প্রায় ৩১ লাখ টাকা চুরি করে দুর্বৃত্তরা।
এই ঘটনায় নেয়া পদক্ষেপ সম্পর্কে জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, “ডোন্ট টেক ইট ইন অ্যা ব্যাড সেন্স। হলমার্ক চুরিটা ও কিশোরগঞ্জের সুরঙ্গপথে চুরিটা এ দুইটাই ব্যাংকের ইন্টারনাল সিস্টেমকে অনেক ইম্প্রুভ করেছে, হলমার্ক আবার হওয়া বেশ কষ্টকর।
“রুলস রেগুলেশন ইতিমধ্যে দেয়া হয়েছে। এবিষয়ে কিছু পদক্ষেপ নেয়া হয়েছে।”
সোনালী ব্যাংক দেশের সবচেয়ে বড় ব্যাংক স্মরণ করিয়ে দিয়ে মুহিত বলেন, “সবগুলোকেই (শাখাগুলো) এই কয়দিনে চেক করতে পারবে- তা সম্ভব হয়নি।”
মন্ত্রী বলেন, “গুপ্ত পথের বিষয়ে অনেকগুলো সিদ্ধান্ত হয়েছে, কিন্তু সময় লাগবে।”
ফাইল ছবি
তবে হলমার্কের মতো এরকম দুই হাজার-আড়াই হাজার কোটি টাকা ঋণ পাওয়া এখন আর সম্ভব নয় বলে মন্তব্য করেন তিনি।
শনিবার বিকালে আদমদীঘি বাসস্ট্যান্ড এলাকায় পাশের একটি ফার্নিচারের দোকান থেকে সুড়ঙ্গ খুঁড়ে সোনালী ব্যাংকের ওই শাখা থেকে টাকা লুটের ঘটনা ধরা পড়ে।
এর পর সারা দেশে রাষ্ট্রায়ত্ত ব্যাংকটির সবগুলো শাখা পরিদর্শন ও নিরাপত্তা বাড়ানোর উদ্যোগের কথা জানান ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক প্রদীপ কুমার দত্ত।
রোববার তিনি সাংবাদিকদের বলেন, “ব্যাংকের ১২০৪টি শাখায় এই পরিদর্শন কাযক্রম শুরু করার জন্য ৬১টি দল গঠন করা হয়েছে। ৬১টি আঞ্চলিক অফিসকে কেন্দ্র করে এসব দল পরিদর্শন কার্যক্রম পরিচালনা করবেন।”
প্রদীপ জানান, ভাড়া বাড়িতে এবং ভবনের নিচ তলায় থাকা আটশর বেশি শাখাকে বিশেষ গুরুত্ব দেয়া হচ্ছে।
ব্যাংক শাখাগুলোর নিরাপত্তা বাড়াতে জনবল বৃদ্ধির জন্য কয়েকটি বেসরকারি প্রতিষ্ঠানের (সিকিউরিটি ফার্ম) সঙ্গে আলোচনা চলছে বলেও ব্যবস্থাপনা পরিচালক জানান।
এ ঘটনায় ব্যাংকের ব্যবস্থাপকসহ মোট ১২ জনকে আটক করেছে পুলিশ।
এর আগে ২৬ জানুয়ারি কিশোরগঞ্জে সোনালী ব্যাংকের প্রধান কার্যালয়ে একইভাবে সুড়ঙ্গ খুড়ে ১৬ কোটি ৯০ লাখ টাকা চুরি হয়। দুদিনের মাথায় ওই ঘটনার ‘মূল হোতা’ সোহেল ওরফে হাবিবসহ দুজনকে গ্রেপ্তার করে র্যাব। তাদের কাছ থেকে ১৬ কোটি ১৯ লাখ ৫৬ হাজার ৬৪ টাকা উদ্ধার করা হয়।
বগুড়ায় চুরি যাওয়া টাকা উদ্ধারের অগ্রগতি সম্পর্কে প্রদীপ বলেন, “বগুড়ার পুলিশ সুপার আমাকে জানিয়েছেন ইতোমধ্য কয়েকজনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে।”
চুরির ঘটনার পরপরই ব্যাংকের রাজশাহী কার্যালয়ের মহাব্যবস্থাপককে প্রধান করে ৪ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে সোনালী কর্তৃপক্ষ। পাঁচ কর্মদিবসের মধ্যে তাদের প্রতিবেদন দিতে বলা হয়েছে।
