২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আগামী অর্থবছরে কর্ণফুলীতে টানেল নির্মাণ শুরু: কাদের

আগামী অর্থবছরে কর্ণফুলী নদীর তলদেশে টানেল নির্মাণের কাজ শুরু হবে বলে জানিয়েছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2014, 05:00 PM

Updated : 01 Sep 2026, 12:34 PM

রোববার সকালে চট্টগ্রামের পশ্চিম পটিয়ায় একটি সেতুর উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

যোগাযোগমন্ত্রী বলেন, আগামী অর্থ বছরে কর্ণফুলীতে টানেলের কাজ শুরু হবে। এটির নির্মাণ ব্যয় হবে সাড়ে ছয় থেকে সাত হাজার কোটি টাকা। এতে চীনের একটি স্টেট (রাষ্ট্রীয়) কোম্পানি বিনিয়োগ করবে। ইতিমধ্যে তারা অফার দিয়েছে।

“কয়েকদিনের মধ্যে চীনের একটি প্রতিনিধি দল বাংলাদেশে আসবে। ইনশাল্লাহ আগামী অর্থবছরে কাজ শুরু হবে।”

ফাইল ছবি

ফাইল ছবি

ফাইল ছবি

চীনের প্রতিষ্ঠান চায়না কমিউনিকেশন অ্যান্ড কন্সট্রাকশন কোম্পানি (সিসিসিসি) টানেলটি নির্মাণের কাজ করবে বলে জানান যোগাযোগমন্ত্রী।

ওবায়দুল কাদের বলেন, টানেলকে ঘিরে দুটি শহর গড়ে ওঠবে। নদীর এপারে একটি আর ওপারে আনোয়ারা ও পশ্চিম পটিয়ায় অপরটি। এতে করে যানজট নিরসন হবে, ব্যবসায় নতুন মাত্রা পাবে।

উল্লেখ্য, কর্ণফুলী নদীর পতেঙ্গা অংশে টানেল নির্মাণের জন্য সম্ভাব্য স্থান নির্ধারণ করে টানেল নির্মাণ বিষয়ক সমন্বয় কমিটি।

২০১২ সালের ৬ নভেম্বর প্রস্তাবিত স্থান পরিদর্শন করে সেসময়ের যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের ২০১৩ সালের জুলাইয়ে টানেল নির্মাণের কাজ শুরু হবে বলেও জানিয়েছিলেন।

ওইদিন মন্ত্রী জানান, টানেল নির্মাণের সম্ভাব্যতা যাচাই (ফিজিবিলিটি স্টাডিজ) ইতোমধ্যে শেষ হয়েছে।

রোববার চট্টগ্রাম সফরকালে আবার আগামী অর্থবছরে টানেলের নির্মাণ কাজ শুরুর আশ্বাস দিলেন মন্ত্রী।

এছাড়া আগামী ডিসেম্বরের মধ্যে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চার লেনের কাজ শেষ করার আশাবাদ ব্যক্ত করেন মন্ত্রী।

পশ্চিম পটিয়ায় পুনঃনির্মাণ করা সেতু উদ্বোধনের সময় যোগাযোগমন্ত্রীর সঙ্গে ছিলেন ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাভেদ এবং দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান।

পশ্চিম পটিয়ায় কালারপোল সেতুটি ২০০৭ সালে একটি বার্জের ধাক্কায় ভেঙ্গে যায়।

৫৭০ ফুট দীর্ঘ সেতুটির ক্ষতিগ্রস্ত ৩৭০ ফুট অংশ মেরামত করে সড়ক ও জনপথ বিভাগ। এতে প্রায় চার কোটি টাকা খরচ হয়।

পুনঃনির্মাণের পর সেতুটি উদ্বোধনের সময় নতুন নামকরণ করা হয় প্রয়াত আওয়ামী লীগ নেতা আখতারুজ্জামান চৌধুরী বাবুর নামে।