২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চোর ঠেকাতে দেয়াল, ঝুঁকি বুঝতে পরিদর্শন

কিশোরগঞ্জের পর বগুড়ায় সুড়ঙ্গ কেটে সোনালী ব্যাংকের ভল্টে চুরির ঘটনায় সারা দেশে রাষ্ট্রায়াত্ত ব্যাংকটির সব শাখা পরিদর্শন ও নিরাপত্তা বাড়ানোর উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2014, 02:56 PM

Updated : 01 Sep 2026, 12:34 PM

লুটের ঘটনায় ব্যাংক ব্যবস্থাপকসহ আটক আরো ৭

ফের সুড়ঙ্গ কেটে ব্যাংক লুট

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক প্রদীপ কুমার দত্ত রোববার সাংবাদিকদের বলেন, “ব্যাংকের ১২০৪টি শাখায় এই পরিদর্শন কাযক্রম শুরু করার জন্য ৬১টি দল গঠন করা হয়েছে। ৬১টি আঞ্চলিক অফিসকে কেন্দ্র করে এসব দল পরিদর্শন কার্যক্রম পরিচালনা করবেন।”

প্রদীপ জানান, ভাড়া বাড়িতে এবং ভবনের নিচ তলায় থাকা আটশর বেশি শাখাকে বিশেষ গুরুত্ব দেয়া হচ্ছে।

“যেসব শাখা নিচতলায় সেগুলোর নিরাপত্তার জন্য ১৫ দিনের মধ্যে কংক্রিটের দেয়াল নির্মাণ ও মেঝে সংস্কার করা হবে। আমরা সিদ্ধান্ত নিয়েছি, ভবন মালিকরা করে না দিলে নিজেরাই করে নেব।”

ব্যাংক শাখাগুলোর নিরাপত্তা বাড়াতে জনবল বৃদ্ধির জন্য কয়েকটি বেসরকারি প্রতিষ্ঠানের (সিকিউরিটি ফার্ম) সঙ্গে আলোচনা চলছে বলেও ব্যবস্থাপনা পরিচালক জানান।

বগুড়ার আদমদীঘি বাসস্ট্যান্ড সংলগ্ন সোনালী ব্যাংকের কার্যালয়ের ভল্ট থেকে শনিবার ৩০ লাখ ৭৯ হাজার ৮০০ টাকা লুট হয়। ব্যাংক সংলগ্ন বিপ্লব ফার্নিচারের দোকান থেকে সুড়ঙ্গ কেটে ব্যাংকের ভল্টে ঢোকে চোরেরা।

এ ঘটনায় ব্যাংকের ব্যবস্থাপকসহ মোট ১২ জনকে আটক করেছে পুলিশ।

এর আগে ২৬ জানুয়ারি কিশোরগঞ্জে সোনালী ব্যাংকের প্রধান কার্যালয়ে একইভাবে সুড়ঙ্গ খুড়ে ১৬ কোটি ৯০ লাখ টাকা চুরি হয়। দুদিনের মাথায় ওই ঘটনার ‘মূল হোতা’ সোহেল ওরফে হাবিবসহ দুজনকে গ্রেপ্তার করে র‌্যাব। তাদের কাছ থেকে ১৬ কোটি ১৯ লাখ ৫৬ হাজার ৬৪ টাকা উদ্ধার করা হয়।

রাজধানীতে সোনালী ব্যাংকের প্রধান কার্যালয়ে প্রদীপ কুমার দত্ত সাংবাদিকদের বলেন, “এটা স্বীকার করি যে সোনালী ব্যাংকের ঝুঁকি ব্যবস্থাপনায় কিছু দুর্বলতা রয়েছে। এটা দূর করতে আমরা ইতোমধ্যে কিছু উদ্যোগ নিয়েছি।”

তিনি জানান, প্রতিটি শাখার ব্যবস্থাপক ও ফার্স্ট অফিসারকে বলা হয়েছে, তারা যেন প্রতিদিন শাখা বন্ধ করার পর আবার নিরাপত্ত পরিস্থিতি ঘুরে দেখেন।

সোনালী ব্যাংক ঘিরে কোনো ষড়যন্ত্রের সন্দেহ করছেন কি না- এমন প্রশ্নে ব্যবস্থাপনা পরিচালক বলেন, “না, সোনালী ব্যাংক যেহেতু একটি বড় ব্যাংক, এর শাখার সংখ্যাও বেশি, টাকা পয়সাও থাকে বেশি। যারা চুরি ডাকাতি করতে চায়, তারা বড় প্রতিষ্ঠানেই ঝুঁকি নেয়।”

বার বার এ ধরনের ঘটনায় ব্যাংকের আমানত কমে যাচ্ছে কি না জানতে চাইলে তিনি বলেন, “না এতে আমানত বা মানুষের আস্থা কমেনি। এটি বিচ্ছিন্ন ঘটনা, তা সকলেই বুঝতে পারেন।”

নিজের বক্তব্যের পক্ষে পরিসংখ্যানও তুলে ধরেন সোনালী ব্যাংকের এই কর্মকর্তা।

তিনি বলেন, ২০১২ সালের ডিসেম্বরের শেষে ব্যাংকের আমানত ছিল ৫৭ হাজার কোটি টাকা, যা ২০১৩ সালের শেষে ৬৩ হাজার কোটি টাকায় দাঁড়ায়।

“১৫ শতাংশ প্রবৃদ্ধি থেকেই বোঝা যায়- মানুষের আস্থা কমেনি।”

বগুড়ায় চুরি যাওয়া টাকা উদ্ধারের অগ্রগতি সম্পর্কে প্রদীপ বলেন, “বগুড়ার পুলিশ সুপার আমাকে জানিয়েছেন ইতোমধ্য কয়েকজনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে।”

চুরির ঘটনার পরপরই ব্যাংকের রাজশাহী কার্যালয়ের মহাব্যবস্থাপককে প্রধান করে ৪ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে সোনালী কর্তৃপক্ষ। পাঁচ কর্মদিবসের মধ্যে তাদের প্রতিবেদন দিতে বলা হয়েছে।

প্রদীপ জানান,  আদমদীঘি শাখার ভল্টে মোট ৩২ লাখ ৫১ হজার ৯৮৪ টাকা ছিল। এর মধ্যে ৩০ লাখ ৭৯ হাজার ৮০০ টাকা খোয়া গেছে।