ইউরোপীয় ইউনিয়ন ‘সন্তুষ্ট নয়’
বাংলাদেশে পোশাক কারখানার নিরাপত্তা ও শ্রমিক অধিকার রক্ষায় অগ্রগতি হলেও তাতে ‘সন্তুষ্ট নয়’ ইউরোপীয় ইউনিয়ন।
ঢাকায় ইউরোপীয় ইউনিয়নের আবাসিক প্রতিনিধি উইলিয়াম হানা রোববার সাংবাদিকদের কাছে সংস্থার এই অবস্থান তুলে ধরেন।
নারী দিবস উপলক্ষে রাজধানীতে পোশাক কর্মীদের নিয়ে আয়োজিত এক অনুষ্ঠানের ফাঁকে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “না, সন্তুষ্ট না। আমি সন্তুষ্ট নই, কেন আমরা সন্তুষ্ট হবো।”
তবে গত বছর সাভারের রানা প্লাজা ধসের পর এ খাতে অগ্রগতি হয়েছে বলে স্বীকার করেন তিনি।
উইলিয়াম হানা বলেন, “তবে আরো অনেক কিছু করতে হবে।
“পরিবর্তন হচ্ছে। এটা অব্যাহত রাখতে হবে।”
ইতিহাসের ভয়াবহতম সাভারের ওই ভবন ধসে এক হাজার ১৩১ জন নিহত হওয়ার এক বছর পূর্ণ হতে চলেছে আগামী ২৪ এপ্রিল।
বাংলাদেশের তৈরি পোশাকের সবচেয়ে বড় বাজার ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো, যেখানে শুল্কমুক্ত প্রবেশাধিকার রয়েছে বাংলাদেশি পোশাকের।
রানা প্লাজা ধসের পর কারখানার নিরাপত্তা ও পোশাক কর্মীদের অধিকার প্রতিষ্ঠার জন্য একটি রূপরেখা দেয় তারা।
ওই ঘটনার পর বাংলাদেশে পোশাক কর্মীদের নিরাপত্তা নিয়ে বিশ্বব্যাপী আলোচনা-সমালোচনার মধ্যে বাংলাদেশি পণ্যের ওপর শুল্কমুক্ত প্রবেশাধিকার প্রত্যাহার করে যুক্তরাষ্ট্র, যদিও দেশটিতে বাংলাদেশের তৈরি পোশাকের শুল্কমুক্ত বাজার সুবিধা ছিল না।
এদিকে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, পোশাক খাতের উন্নয়নে যে ১৬টি শর্ত দেয়া হয়েছিল ইতোমধ্যে তার ১৩টিই পূরণ করা হয়েছে।
ফাইল ছবি
ইউরোপীয় ইউনিয়নের আবাসিক প্রতিনিধি বলেন, রানা প্লাজা ধসের এক বছরের মাথায় এ খাতে কী কী অগ্রগতি হয়েছে সেগুলো তুলে ধরার জন্য বাংলাদেশকে আন্তর্জাতিক সম্প্রদায় ও গণমাধ্যমের মুখোমুখি হতে হবে।
তিনি বলেন, ইউরোপীয় পার্লামেন্টের দুইজন সদস্য আগামী সপ্তাহে ঢাকা আসছেন। তারাও পোশাক খাতে অগ্রগতির বিষয়টি খতিয়ে দেখবেন।
হানা বলেন, প্রথম প্রশ্নই আসবে হতাহতদের ক্ষতিপূরণ নিয়ে।
প্রতিশ্রুতি অনুযায়ী ক্ষতিপূরণ দেয়া হয়েছে কি না সে বিষয়টি তার কাছে ‘স্পষ্ট নয়’ বলেও মন্তব্য করেন তিনি।
কারখানা ভবন পরিদর্শন, শ্রম আইন সংস্কার ও শ্রমিকদের ন্যূনতম বেতন বৃদ্ধির বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, “পরিবর্তন হচ্ছে, তবে ধীরে ধীরে।”
পোশাক খাতে কিছু সমস্যা রয়েছে যেগুলোর প্রতি নজর দিতে হবে বলে মনে করেন উইলিয়াম হানা।
তিনি বলেন, শুধু নিরাপদ ভবন হলেই চলবে না। কারখানার ভিতরেও সব কিছু ‘যথাযথ’ হতে হবে।
“তা নিরাপদ হতে হবে, কর্মীদের প্রশিক্ষণ দিতে হবে এবং মেঝেতে দাহ্য কোনো কিছু ফেলে রাখা যাবে না।”
ন্যূনতম বেতন বাড়ানো হলেও সব কারখানায় এখনো তা বাস্তবায়ন হয়নি বলে মন্তব্য করেন তিনি।
এমনকি কোনো কোনো কারখানা মালিক শ্রমিক ইউনিয়নও মেনে নিচ্ছেন না।
“মালিকদের এটা মানতে হবে। এজন্য আচরণে পরিবর্তন আনতে হবে। মালিকদের মেনে নিতে হবে এবং শ্রমিক ইউনিয়ন করতে দিতে হবে। আর এর জন্য মানসিকতার বড় পরিবর্তন দরকার,” বলেন তিনি।
পোশাক খাতের একটি ‘আশাব্যঞ্জক’ চিত্র তুলে ধরতে আগামী কয়েক সপ্তাহ মালিকদের প্রচেষ্টা অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে পোশাক কর্মীদের নিয়ে ওই অনুষ্ঠানের আয়োজন করে কেয়ার বাংলাদেশ।
বাংলাদেশের ৪০ লাখের বেশি পোশাক কর্মীদের মধ্যে প্রায় ৮০ শতাংশই নারী।
