বরগুনায় জলদস্যু-কোস্টগার্ড গোলাগুলি, আটক ১
বরগুনার পাথরঘাটা উপজেলায় জলদস্যুদের সঙ্গে গোলাগুলির পর অস্ত্রসহ একজনকে আটক করেছে কোস্টগার্ড।
শনিবার সন্ধ্যায় উপজেলার বলেশ্বর নদীর মোহনায় সুন্দরবনে এ ঘটনা ঘটে।
আটক জাফর হাওলাদার (৪০) পাথরঘাটা উপজেলার দক্ষিণ কাঁঠালতলী গ্রামের বাসিন্দা। কোস্টগার্ড বলছে, তিনি জলদস্যু দল ‘নয়ন বাহিনীর’ সদস্য।
কোস্টগার্ডের পাথরঘাটা স্টেশনের কমান্ডার লেফটেন্যান্ট এম ইফতেখার হোসেন জানান, জলদস্যুদের ধরতে শনিবার সকাল ৯টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত অভিযান চালায় কোস্টগার্ড। অভিযান চলাকালে নয়ন বাহিনীর সঙ্গে তাদের গোলাগুলি হয়।
এক পর্যায়ে জাফর হাওলাদারকে একটি কাটা রাইফেল ও এক রাউন্ড গুলিসহ আটক করা হয়।
পাথরঘাটা থানার ওসি শাহ নেওয়াজ জানান, কোস্টগার্ডের কন্টিনজেন্ট কমান্ডার আমিনুল হক শনিবার রাতেই একটি মামলা করেছেন। জাফরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
