রূপগঞ্জে যুবককে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা
নারায়ণগঞ্জের রূপপঞ্জে ‘বাড়ি ছেড়ে দিতে বলায়’ মালিকের ছেলেকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করেছে ওই বাড়ির রক্ষণাবেক্ষণকারী (কেয়ারটেকার)।
শনিবার রাত ৩টার দিকে উপজেলার মৈকুলী আরাফাতনগরে এই ঘটনা ঘটে।
নিহত আরিফুল ইসলাম রানা (২৪) রাঙামাটিতে কর্মরত আনসার সদস্য মহিউদ্দিনের ছেলে।
এলাকাবাসীর বরাত দিয়ে রূপগঞ্জ থানার ওসি আসাদুজ্জামান মীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মৈকুলী আরাফাতনগর এলাকায় তিন বছর আগে বাড়ি কেনেন মহিউদ্দিন। বাড়ি দেখাশোনার জন্য পলাশ (৪৫) নামে একজনকে ‘কেয়ারটেকার’ হিসাবে দায়িত্ব দেন।
এক মাস আগে মহিউদ্দিন পরিবার নিয়ে ওই বাড়িতে ওঠেন এবং পলাশকে বাড়ি ছেড়ে দিতে বলেন। কিন্তু পলাশ বাড়ি ছাড়তে অস্বীকৃতি জানান।
“এ নিয়ে মহিউদ্দিনের ছেলে আরিফুলের সঙ্গে পলাশের বাকবিতণ্ডা হয়। এর জেরে শনিবার রাতে আরিফুলের মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করে পলাশ।”
গুরুতর আহত অবস্থায় পলাশকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানান ওসি।
তিনি জানান, আরিফুল এসএসসি পাস করার পর আর পড়ালেখা করেননি। ঘটনার পর থেকে পলাশ পলাতক।
