প্রাথমিক শিক্ষকদের মর্যাদা ও বেতন বাড়ল
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের পদমর্যাদা তৃতীয় থেকে দ্বিতীয় শ্রেণীতে উন্নীত করেছে সরকার। একইসঙ্গে সহকারী শিক্ষকদের বেতন স্কেল এক ধাপ উন্নীত করা হয়েছে।
রোববার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ ঘোষণা দেন।
পরে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক আদেশে বলা হয়, ৯ মার্চ থেকেই শিক্ষকরা এই সুযোগ-সুবিধা পাবেন।
সরকারের এই সিদ্ধান্তের ফলে দেশের প্রায় ৬০ হাজার প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের পদমর্যাদার সঙ্গে বেতন-ভাতাতেও উন্নতি হলো।
প্রশিক্ষণপ্রাপ্ত প্রধান শিক্ষকদের মূল বেতন হবে ৬ হাজার ৪০০ টাকা (গ্রেড-১১)। এতোদিন তারা ৫ হাজার ৫০০ টাকা মূল বেতন পাচ্ছিলেন।
আর প্রশিক্ষণবিহীন প্রধান শিক্ষকদের মূল বেতন দাঁড়াচ্ছে ৫ হাজার ৯০০ (গ্রেড-১২) টাকা। এই পরিমাণ আগে ছিল ৫ হাজার ২০০ টাকা।
আর সহকারী শিক্ষকদের বেতন স্কেল উন্নীত করার ফলে প্রশিক্ষণপ্রাপ্তদের মূল বেতন ৪ হাজার ৯০০ টাকা থেকে বেড়ে ৫ হাজার ২০০ টাকা (গ্রেড-১৪) এবং প্রশিক্ষণবিহীনদের ৪ হাজার ৭০০ থেকে বেড়ে ৪ হাজার ৯০০ টাকা (গ্রেড ১৫) হবে।
দেশে প্রাথমিক বিদ্যালয়গুলোতে সহকারী শিক্ষকের সংখ্যা প্রায় সাড়ে তিন লাখ।
গত ২৬ নভেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয় সরকারি প্রাথমিকের শিক্ষকদের বেতন স্কেল, গ্রেড ও শ্রেণি উন্নীতকরণে সম্মতি দেয়। এরপর প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটিতে ওই প্রস্তাব অনুমোদন পায়।
রোববার প্রাথমিক শিক্ষা সপ্তাহের অনুষ্ঠানের শুরুতেই প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মো. মোস্তাফিজুর রহমান ফিজার বলেন, “আজ শিক্ষকদের জন্য প্রধানমন্ত্রী একটি ঘোষণা দেবেন।”
প্রধানমন্ত্রী পরে তার বক্তৃতায় বলেন, “শিক্ষকদের সমস্যাগুলো আমাদের জানা আছে। ইতোমধ্যে কিছু কিছু সমাধান করার উদ্যোগ হাতে নিয়েছি। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের পদমর্যাদা তৃতীয় শ্রেণী থেকে আমরা দ্বিতীয় শ্রেনীতে উন্নীত করেছি।
এ সময়, উপস্থিত শিক্ষকরা করতালি দিয়ে আনন্দ প্রকাশ করেন।
শেখ হাসিনা বলেন, “সোনার বাংলা গড়তে হলে সোনার ছেলে চাই। আর সেই সোনার বাংলা গড়ার কারিগর আপনারা। কাজেই আপনারা আন্তরিকভাবে চেষ্টা করবেন, যেন বাংলাদেশকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি। আর সত্যিকার সোনার ছেলেদের হাতে যেন দায়িত্ব দিতে পারি।”
ওসমানী মিলনায়তনের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, “এই ধাপটা এখন করলাম। আমার আরো ইচ্ছা আছে। তা হয়তো পর্যায়ক্রমিকভাবে আমরা করব। এই জন্য প্রয়োজন অর্থনৈতিকভাবে আরো শক্তিশালী হওয়া।”
শিক্ষিত ছেলেমেয়েরা যাতে শিক্ষকতা পেশাকে আদর্শ হিসাবে গ্রহণ করে- সে জন্যই এ উদ্যোগ বলে মন্তব্য করেন তিনি।
এই অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী প্রাথমিক শিক্ষায় বিশেষ অবদানের জন্য সমাপনী পরীক্ষায় ভালো ফলাফলকারী ছাত্র-ছাত্রীদের পাশাপাশি খেলাধুলা ও বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডে বিজয়ীদের এবং শিক্ষক, শিক্ষা কর্মকর্তা, উপজেলা চেয়ারম্যান এবং মাঠ প্রশাসনের কর্মকর্তাদেরকে মধ্যে পুরস্কার বিতরণ করেন।
প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী শিক্ষার মান উন্নয়নে স্বাধীনতার পর থেকে বিভিন্ন সময়ে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের নেয়া বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন।
শিক্ষা ব্যবস্থায় সরকারের ‘সবচেয়ে গুরুত্ব’ দেয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, “দেশের শিক্ষা খাতকে আমরা ঢেলে সাজিয়েছি। আমরা একটি উৎপাদনমুখী, বিজ্ঞানসম্মত ও যুগোপযোগী জাতীয় শিক্ষানীতি প্রণয়ন করেছি।”
বছরের প্রথম দিনে প্রাথমিক থেকে মাধ্যমিক পর্যন্ত শিক্ষার্থীদের বিনামূল্যে নতুন বই দেয়ার কথাও বলেন সরকার প্রধান।
“আমরা আরেকটি পদ্ধতি নিতে যাচ্ছি- প্রাক প্রাথমিক শিক্ষা। এজন্য দেড় কোটি বই তৈরি করে রেখেছি। যেটা আমরা ছোট ছোট শিশুদের হাতে পৌছে দিচ্ছি। যাতে তারা স্কুলে যাওয়ার আগেই কিছু শিক্ষা গ্রহণ করতে পারে।”
শেখ হাসিনা বলেন, সরকারের পর্যাপ্ত অর্থ থাকলে সবার শিক্ষা অবৈতনিক করে দেয়ার ইচ্ছা তার ছিল।
“কিন্তু সকলের দায়িত্ব এভাবে সরকারের পক্ষে নেয়া এই মুহূর্তে সম্ভব নয়।”
তারপরও প্রতিবছর প্রাথমিক স্তরে প্রায় ৭৯ লাখ, মাধ্যমিকে ৪০ লাখ এবং উচ্চ মাধ্যমিক থেকে ডিগ্রি পর্যন্ত ১ লাখ ৩৩ হাজার শিক্ষার্থীকে উপবৃত্তি দেয়ার কথা মনে করিয়ে দিয়ে প্রধানমন্ত্রী বলেন, “আমরা চেষ্টা করছি। একদিকে বিনামূল্যে বই বিতরণ, আরেকদিকে উপবৃত্তি দিয়ে যাচ্ছি।”
সারাদেশে অভিন্ন প্রশ্নপত্রে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা ও জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা চালু করায় শিক্ষার্থীরা ‘পরীক্ষাভীতি’ কাটিয়ে উঠছে এবং ফল ভালো হচ্ছে বলেও তিনি মন্তব্য করেন।
দশম জাতীয় সংসদ নির্বাচনের আগে বিএনপি ও শরিকদের রাজনৈতিক কর্মসূচিতে সহিংসতার কথা তুলে ধরে শেখ হাসিনা বলেন, “স্কুলে যাওয়ার পথে ককটেল মেরে আহত করেছে চট্টগ্রামের স্কুল ছাত্রী অন্তু বড়ুয়া, সাভারের ক্লাশ ফোরের শিশু ছাত্রী বিনু ও বগুড়ার সাদিয়া আক্তারকে। নির্বাচন বানচাল করতে ৫৮২টি স্কুল ভাংচুর করেছে। আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে।”
যারা এ ধরনের ঘটনা ঘটাবে তাদের বাধা দেয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে এ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সচিব কাজী আখতার হোসেন। প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শ্যামল কান্তি ঘোষ ধন্যবাদ জ্ঞাপন করেন।
পুরস্কার বিতরণের পর প্রাথমিক শিক্ষার্থীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন প্রধানমন্ত্রী।
