দীঘিনালায় ইউপিডিএফকর্মী গুলিতে নিহত
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় বন্দুকধারীদের হামলায় শান্তিচুক্তি বিরোধী ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) সমর্থিত গণতান্ত্রিক যুব ফোরামের এক কর্মী নিহত এবং একজন আহত হয়েছেন।
রোববার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার বাবুছড়া রাস্তার মাথায় এ ঘটনা ঘটে বলে দীঘিনালার ওসি শাহাদাত হোসেন টিটু জানান।
নিহতের নাম সুদৃষ্টি চাকমা (৩০)। আহত ঋদ্ধি চাকমাকে (২৫) খাগড়াছড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনার জন্য পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস-সন্তু লারমা) কর্মীদের দায়ী করেছে ইউপিডিএফ। তবে জনসংহতি সমিতি এ অভিযোগ অস্বীকার করেছে।
ওসি শাহাদাত হোসেন টিটু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ইউপিডিএফ ও জেএসএসের মধ্যে এই ঘটনা ঘটেছে বলে আমরা জানতে পেরেছি। পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করেছে। আহতকে সদর হাসপাতালে পাঠানো হয়েছে।”
খাগড়াছড়ি সদর হাসপাতালে চিকিৎসাধীন ঋদ্ধি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তারা সকালে বাবুছড়া রাস্তার মাথায় একটি দোকানে বসে চা খাওয়ার সময় অতর্কিতে হামলা হয়।
“চার-পাঁচজন জেএসএসকর্মী হঠাৎ এসে আমাদের ওপর গুলি চালায়। সুদৃষ্টির গায়ে চারটা গুলি লাগে। সে ঘটনাস্থলেই মারা যায়। আমার হাতে ও পায়ে গুলি লেগেছে।”
ইউপিডিএফ সমর্থিত পাহাড়ি ছাত্র পরিষদের দপ্তর সম্পাদক বিজয় চাকমাও অভিযোগ করেন, জেএসএসের লোকেরা এই হামলা চালিয়েছে।
তবে জেএসএসের (সন্তু লারমা) সহকারী তথ্য ও প্রচার সম্পাদক সজীব চাকমা অভিযোগ অস্বীকার করে বলেছেন, এর সঙ্গে তার সংগঠনের কোনো সংশ্লিষ্টতা নেই।
