দেয়া হবে ‘বীর মুক্তিযোদ্ধা’ খেতাব
মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের জন্য ‘বীর মুক্তিযোদ্ধা’ খেতাব দেয়া হবে বলে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক জানিয়েছেন।
শনিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে বাংলাদেশ মুক্তিযোদ্ধা নৌ-কমান্ড অ্যাসোসিয়েশনের ত্রিবার্ষিক সম্মেলন ও কাউন্সিল অধিবেশনের প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।
মন্ত্রী বলেন, “যুদ্ধে বিশেষ অবদান বিবেচনা করে মুক্তিযোদ্ধাদের বিশেষ সম্মাননা ‘বীর মুক্তিযোদ্ধা’ খেতাব প্রদান করা হবে। এ ব্যাপারে মন্ত্রণালয় থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।”
‘বীর মুক্তিযোদ্ধা’ খেতাবের জন্য মুক্তিযোদ্ধাদের প্রতি যুদ্ধে তাদের বিশেষ অবদানের কথা লিখিতভাবে মন্ত্রণালয়ে জমা দেয়ার অনুরোধ জানান তিনি।
ওইসব পাণ্ডুলিপি পরিমার্জন করে বই আকারে প্রকাশের উদ্যোগ নেয়া হবেও বলে জানান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী।
বাংলাদেশ নৌকমান্ড অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান অধ্যাপক আলাউদ্দিন আহমেদ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
