নোয়াখালী প্রেসক্লাবে ভাংচুর, আটক ১
নোয়াখালী প্রেসক্লাবে শনিবার সন্ধ্যায় ভাংচুর করেছে দুর্বৃত্তরা।
এ ঘটনায় হানিফ নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। তাৎক্ষণিকভাবে তার বিস্তারিত পরিচয় জানাতে পারেনি পুলিশ।
অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুজ্জামান জানান, সন্ধ্যায় মূল ফটকে তালা দিয়ে ক্লাবের কর্মকর্তা-কর্মচারীরা নামাজে যান। এ সময় দুর্বৃত্তরা পেছন দিক থেকে ভেতরে প্রবেশ করে।
এরপর তারা ক্লাবের সভাকক্ষ, সাধারণ সম্পদকের কক্ষ, অতিথি কক্ষসহ বিভিন্ন ঘরের তালা, চেয়ার টেবিল ও নানা আসবাবপত্র ভাংচুর করে।
খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুজ্জামান, সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার নিষ্কৃতি চাকমা ও সুধারম থানার ওসি মোশাররফ হোসেন তরফদার ঘটনাস্থলে যান।
পুলিশ কর্মকর্তা আশরাফুজ্জামান আরো জানান, একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বাকিদের ধরতে শহরে অভিযান চলছে।
প্রেসক্লাবের সভাপতি আলমগীর ইউসুফ জানান, এ ব্যপারে প্রেসক্লাবের পক্ষ থেকে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
