দিনাজপুরে পুলিশ সদস্যের বিরুদ্ধে স্ত্রীর মামলা
নির্যাতনের অভিযোগে দিনাজপুর কোতোয়ালি থানার এক পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে মামলা করেছেন তার স্ত্রী।
শনিবার সন্ধ্যায় কোতোয়ালি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলাটি (নং ১০) দায়ের করেন আয়শা সিদ্দিকা।
কোতোয়ালি থানার ওসি আলতাফ হোসেন মামলা নথিভুক্ত করার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মামলা হওয়ার কারণে ছুটিতে থাকা কনস্টেবল আবুল বাশারের ছুটি বাতিল ও সাময়িক বরখাস্ত হবে। তাকে গ্রেপ্তারও করা হবে।
আয়শার স্বজনরা জানান, কনস্টেবল আবুল বাশার স্ত্রী আয়শা সিদ্দিকাকে মারপিট করার পর মামলার ভয়ে অসুস্থ স্ত্রীর চিকিৎসার অজুহাতে ৬ মার্চ থেকে ৭ দিনের ছুটি নেন এবং মামলা না করার জন্য বিভিন্নভাবে চাপ দেন।
কনস্টেবল আবুল বাশার গত ৪মার্চ সন্ধ্যায় তার স্ত্রী আয়শা সিদ্দিকাকে পিটিয়ে রক্তাক্ত জখম করেন। এরপর তাকে দিনাজপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এখনো সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
মামলা দায়েরের সময় বাদীর বড় ভাই আবু হিয়া এবং বাংলাদেশ মহিলা পরিষদ দিনাজপুর জেলা সাধারণ সম্পাদক মারুফা বেগম ফেন্সিসহ মহিলা পরিষদের নেতৃবৃন্দ থানায় উপস্থিত ছিলেন।
