২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কর্মস্থলে না থাকায় বিআরটিসির ডিপো ব্যবস্থাপক প্রত্যাহার

পরিদর্শনের সময় কর্মস্থলে না পেয়ে চট্টগ্রাম বিআরটিসিরি ডিপো ব্যবস্থাপককে প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের।

চট্টগ্রাম ব্যুরো

সিলেট থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Mar 2014, 04:25 PM

Updated : 01 Sep 2026, 12:34 PM

শনিবার দুপুর ১টার দিকে নগরীর বালুছড়া এলাকায় বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) চট্টগ্রাম ডিপো পরিদর্শনে যান মন্ত্রী।

এসময় ব্যবস্থাপক (অপারেশন) মো. কামরুজ্জামান কর্মস্থলে উপস্থিত ছিলেন না। তার কার্যালয়ে গিয়ে তা শূন্য দেখতে পান মন্ত্রী।

এসময় মন্ত্রী ওবায়দুল কাদের উপস্থিত সাংবাদিকদের বলেন, “কর্তব্যে অবহেলা করায় ম্যানেজার (অপারেশন) কামরুজ্জামানকে ক্লোজ করা হল। এ বিষয়ে বিআরটিসির চেয়ারম্যানের সঙ্গে আমার কথা হয়েছে।”

মন্ত্রী বলেন, “এখানে আসার আগে আমি কামরুজ্জামাকে ফোন করি। তিনি কোথায় তা জানতে চাই। তিনি জানিয়েছিলেন, অফিসেই আছেন। এসে দেখি নেই।”

“বিআরটিসি চেয়ারম্যান বলেছেন, ম্যানেজার কামরুজ্জামানকে শনিবার তিনি ছুটি না কাটাতে বলেছিলেন। সে কথা না শুনেই তিনি ছুটি কাটাচ্ছেন।”

এসময় মন্ত্রী বিআরটিসি ডিপো ঘুরে দেখেন এবং মেরামতের অপেক্ষায় থাকা কয়েকটি বাস চলতি মাসের মধ্যে মেরামতের নির্দেশ দেন।

ডিপোর সহকারী ট্রাফিক অফিসার মো. সোলায়মানের সঙ্গে কথা বলেন মন্ত্রী ওবায়দুল কাদের। এসময় তিনি ডিপোর কর্মচারীদের সৎ থাকার উপদেশ দেন।