মন্ত্রীর অপেক্ষায় নারী দিবসের শোভাযাত্রায় দেরি
মন্ত্রী আমির হোসেন আমুর অপেক্ষায় ঝালকাঠীতে আন্তর্জাতিক নারী দিবসের শোভাযাত্রা শুরু হল দেড় ঘণ্টা দেরিতে।
৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবসে শনিবার বাংলাদেশের অন্য সব জেলার মতো ঝালকাঠীতেও শোভাযাত্রার আয়োজন করে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের জেলা শাখা।
আমন্ত্রণপত্রে শোভাযাত্রা শুরুর সময় দেয়া হয় সকাল ১০টা। নিজের এলাকার এই শোভাযাত্রায় শিল্পমন্ত্রী আমু থাকবেন বলেও জানানো হয়।
শোভাযাত্রায় অংশ নিতে সকাল ১০টার আগেই বিভিন্ন নারী সংগঠনের নেতা-কর্মী এবং স্কুল-কলেজের ছাত্রীরা জেলা প্রশাসকের কার্যালয়ে উপস্থিত হন।
কিন্তু সময় অনুযায়ী শোভাযাত্রা না হওয়ায় অনেকে বিরক্তি প্রকাশ করতে থাকেন।
নাম প্রকাশ না করার শর্তে এক স্কুলছাত্রী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “স্কুল থেকে পৌনে ১০টায় আমরা এখানে এসে দাঁড়িয়ে আছি। র্যালি তো শুরুই হচ্ছে না।”
দেরির কারণ জানতে চাইলে জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জাকির হোসেন সাংবাদিকদের বলেন, “এই তো মন্ত্রী চলে আসছেন। উনি এলেই র্যালি শুরু হবে।”
নির্ধারিত সময়ের সোয়া এক ঘণ্টা পর মন্ত্রী আমু অনুষ্ঠানস্থলে উপস্থিত হন। তিনি উদ্বোধন ঘোষণার পর শুরু হয় শোভাযাত্রা।
নারী দিবসে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মূল অনুষ্ঠানটি সময়মতোই শুরু হয়। এই অনুষ্ঠান উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ঝালকাঠীতে নারী দিবসের শোভাযাত্রায় পাঁচ শতাধিক নারীসহ হাজার খানেক মানুষ অংশ নেয়।
