২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুয়াকাটাফেরত বাস খাদে, ২৫ শিক্ষার্থী আহত

বনভোজনের পর কুয়াকাটা থেকে ফেরার পথে সড়কে দুর্ঘটনায় পড়েছে মাদারীপুরের কলেজের শিক্ষার্থীদের একটি বাস। এতে ২৫ শিক্ষার্থী আহত হয়েছেন বলে পটুয়াখালী পুলিশ জানিয়েছে।

নাটোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Mar 2014, 12:43 PM

Updated : 01 Sep 2026, 12:34 PM

শনিবার সকাল ১০টার দিকে পটুয়াখালী-কুয়াকাটা সড়কে বিশকানি এলাকায় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি খাদে পড়ে যায় বলে কলাপাড়া থানার ওসি মো. তারিকুজ্জামান তারিক জানিয়েছেন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পিকনিকের ওই বাসটিতে ৪০-৪৫ জন যাত্রী ছিল।

বাসটি কোন কলেজের শিক্ষার্থীদের নিয়ে পর্যটন কেন্দ্র কুয়াকাটা গিয়েছিল, তা জানাতে পারেননি ওসি।

তিনি বলেন, আহতদের উদ্ধার করে কলাপাড়া উপজেলা হাসপাতালে পাঠানো হয়।

আহতদের মধ্যে হুমায়ন কবির (২০) ও মনির হোসেন (১৯) নামের দুই ছাত্রকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন হাসপাতালের ব্রাদার মো. হালিম মিয়া।

আহতদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শুক্রবার সকালে মাদারীপুর জেলা শহরের ওই কলেজের শিক্ষার্থীরা তুরান পরিবহনের বাসটিতে করে কুয়াকাটায় এসেছিল। শনিবার তারা ফিরছিল।

নাটোরে দুর্ঘটনায় মাইক্রোবাস আরোহী নিহত

নাটোরের বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের একটি মাইক্রোবাসের সঙ্গে গাছের ধাক্কায় একজন নিহত হয়েছেন।

শনিবার সকাল সাড়ে ৭টার দিকে কাছিকাটা ১০ নম্বর সেতুর কাছে এই দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

মহাসড়ক পুলিশের বনপাড়া থানার ওসি ফুয়াদ রুহানী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সিরাজগঞ্জমুখী মাইক্রোবাসটি সড়কের পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা লাগায়। এতে ঘটনাস্থলে মাইক্রোবাসের সামনে বসা যাত্রী শহিদুল ইসলাম (৩৭) মারা যান।

নিহত শহীদুল নাটোরের বাগাতিপাড়া উপজেলার জামনগর গ্রামের ইদ্রিস আলীর ছেলে।

দুর্ঘটনায় আহত অন্য পাঁচজনকে বনপাড়ার একটি বেসরকারি ক্লিনিকে ভর্তি করা হয়েছে।