মোবাইলে প্রেমের ফাঁদ
কখনো ছাত্রী, কখনো মডেল আবার কখনো প্রবাসীর স্ত্রী পরিচয়ে মোবাইলে প্রেমালাপের পর ডেকে নিয়ে জোর করে ছবি তুলে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে অর্থ হাতিয়ে নিচ্ছে একাধিক প্রতারক চক্র।
চট্টগ্রামে এ ধরনের চারটি চক্রের সন্ধান পেয়েছেন বলে মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার বাবুল আক্তার জানিয়েছেন।
বৃহস্পতিবার নগরীর চান্দগাঁও এলাকা থেকে একটি চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান তিনি।
গ্রেপ্তাররা হলেন- কুলসুমা আক্তার ওরফে তানিয়া (২৭), তার স্বামী মুন্না কামাল (৩৬), মো. রবি (২২) ও আব্দুছ সাত্তার (২৮)।
অতিরিক্ত উপ-কমিশনার বাবুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এ ধরনের বেশ কয়েকটি অভিযোগ আসায় তদন্ত করতে গিয়ে প্রতারক চক্রগুলোর সন্ধান পাওয়া গেছে।”
তিনি বলেন, কয়েকজন নারী ও পুরুষ মিলে এসব চক্র। বিভিন্ন পেশার বিশেষ করে ব্যবসায়ী ও ব্যাংকারদের টার্গেট করে তাদের মোবাইল নম্বর সংগ্রহ করে পুরুষ সদস্যরা। এরপর নারী সদস্যদের সেসব নম্বর দিয়ে তারা প্রতারণার ফাঁদ পাতে।
“নারী সদস্যরা ফোনে ওই ব্যক্তিদের সাথে কথা শুরু করে। একপর্যায়ে দেখা করার প্রস্তাব দেয়। দেখা করতে গেলেই আটকে রেখে ছবি তুলে টাকা আদায় করে।”
পুলিশ কর্মকর্তা বাবুল বলেন, “জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা জানিয়েছেন, নগরীতে এ ধরনের চারটি দল সক্রিয় রয়েছে। এসব দলে প্রায় ২০ জন সদস্য আছে।”
জিজ্ঞাসাবাদে কুলসুমা পুলিশকে জানান, তিনি নিজেকে প্রবাসীর স্ত্রী পরিচয় দিয়ে বিভিন্ন ব্যক্তিকে ফোন করেন।
“ওই ব্যক্তিকে বলে, সে বাসায় তার চার বছরের মেয়েকে নিয়ে একা বাস করে এবং তার বিশ্বাস আদায়ের জন্য মেয়েটির সাথে কথা বলিয়ে দেয়,” বলেন অতিরিক্ত উপ-কমিশনার।
পুলিশের জিজ্ঞাসাবাদে মুন্না জানান, আগে টেম্পু চালালেও কয়েক বছর ধরে স্ত্রী কুলসুমা ও ভাগিনা নূরউদ্দিনকে নিয়ে এভাবে প্রতারণা করে মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নিচ্ছেন।
গ্রেপ্তারদের মধ্যে রবি তিনবছর আগে এই চক্রের প্রতারণার শিকার হয়ে পরে এদের সঙ্গে যোগ দেন বলে পুলিশকে জানিয়েছেন।
অন্য প্রতারক চক্রগুলোর সদস্যদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানান পুলিশ কর্মকর্তা বাবুল আক্তার।
