২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তিন জেলায় দুর্ঘটনায় নিহত ২

মেহেরপুর, নারায়ণগঞ্জ ও গাজীপুরে  সড়ক দুর্ঘটনায় দুই ব্যক্তি মারা গেছেন এবং অন্তত আটজন আহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

জেলা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Mar 2014, 07:47 PM

Updated : 01 Sep 2026, 12:34 PM

শুক্রবারে বিভিন্ন সময়ে ঘটা এসব সড়ক দুর্ঘটনার মধ্যে মেহেরপুরের দুর্ঘটনায় এক মাদ্রাসা ছাত্র এবং নারায়ণগঞ্জে ট্রাক চাপায় এক পথচারী মারা যান।

এছাড়াও গাজীপুরে ট্রাক ও টেম্পোর সংঘর্ষে আহত হয়েছেন অন্তত আটজন।

মেহেরপুর

মেহেরপুরের গাংনী উপজেলায় কাজীপুর গ্রামের বামুন্দী প্রধান সড়কে মোটরসাইকেলের সঙ্গে ট্রাকের সংঘর্ষে নিহত মাদ্রাসা ছাত্রের নাম ফিরোজ হোসেন (১৬)।

ফিরোজ উপজেলার কাজীপুর গ্রামের বজলুর রহমানের ছেলে। সে কাজীপুর দাখিল মাদ্রাসার দশম শ্রেণির ছাত্র ছিল।

গাংনী থানার ওসি মাসুদুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান,  ট্রাকটিকে আটক করা যায়নি।

কাজীপুর থেকে বামুন্দী প্রধান সড়কে উঠার সময় বিপরীত দিক থেকে দ্রুতগামী একটি ট্রাক সামনে থেকে ধাক্কা দিলে মোটরসাইকেলসহ ফিরোজ ছিটকে পড়ে।

গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে বামুন্দীর একটি ক্লিনিকে ভর্তি করে।

অবস্থার অবনতি হলে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার কিছুক্ষণ পর সে মারা যায় বলে জানান ওসি মাসুদুল আলম।

নারায়ণগঞ্জ

ভোরে সদর উপজেলায় ফতুল্লার পঞ্চবটিতে  ট্রাক চাপায় আল মামুন (৪০) নামে এক পথচারী মারা গেছেন। তিনি ফতুল্লার মুসলিমনগর এলাকার মজিবর রহমানের ছেলে।

চাপা দিয়েছে সন্দেহে চালক ও চালকের দুই সহকারীসহ একটি ট্রাককে আটক করেছে পুলিশ।

আটকরা হলেন, চালক আবুল হোসেন এবং চালকের দুই সহকারী মোস্তফা ও মনির।

ফতুল্লা মডেল থানার এসআই সোহেল আলম জানান, ভোরে ফতুল্লার পঞ্চবটি এলাকায় হেটে যাওয়ার সময় পথচারী মামুনকে একটি ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ট্রাকটি ঘটনাস্থল থেকে পালিয়ে গেলেও চাপা দিয়েছে সন্দেহে একটি ট্রাক এবং তার চালক ও চালকের দুই সহকারীকে আটক করা হয়েছে বলে জানান তিনি।

লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান এসআই আলম।

গাজীপুর

সকালে গাজীপুর ইটাহাটা এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ট্রাক ও টেম্পোর মুখোমুখী সংঘর্ষে অন্তত আটজন আহত হয়েছেন।

আহতদের মধ্যে দুজনকে গাজীপুর সদর হাসপাতাল ও একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।

নাওজোর পুলিশ ফাঁড়ির এসআই মো. ইকবাল হোসেন জানান, সকাল ১১টায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে জয়দেবপুরগামী একটি ইট বোঝাই ট্রাক একই দিক থেকে আসা একটি টেম্পুর পেছনে ধাক্কা দেয়।

এতে টেম্পুটি দুমড়ে মুচড়ে গিয়ে পাশের একটি রিকশায় আঘাত করলে টেম্পু ও রিকশার অন্তত ৮ জন যাত্রী আহত হন।

দুর্ঘটনার পর উত্তেজিত জনতা ঘাতক ট্রাকটি আটক করলেও চালক পালিয়ে যায়।

স্থানীয়রা আহত যাত্রীদের মধ্যে কাওসার আহমেদ (৩৭), মোসলেম মিয়া (২৫) ও অজ্ঞাত পরিচয় এক যুবককে উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতালে পাঠায়।

গাজীপুর সদর হাসাতালের জরুরি বিভাগের চিকিৎসক মো. ফাহাদ আহমেদ জানান, কাওসার আহমেদ ও মোসলেমকে গাজীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গুরুতর আহত অজ্ঞাত পরিচয় ওই যুবককে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় বলে জানান তিনি।