২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শরণখোলায় হামলায় বিএনপির ৩ নেতাকর্মী আহত

বাগেরহাটের শরণখোলার ধানসাগর ইউনিয়নের রাজাপুর বাজারে নির্বাচনের গণসংযোগ করে ফেরার পথে হামলায় বিএনপির তিন সমর্থক আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বাগেরহাট প্রতিনিধি.

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Mar 2014, 07:07 PM

Updated : 22 Aug 2022, 05:50 PM

শুক্রবার বিকেলে আওয়ামী লীগ সমর্থকদের এ হামলায় আহত রবিউল ইসলামকে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

অন্য আহতরা হলেন শরণখোলা উপজেলা ছাত্রদলের সহসভাপতি মো. আল আমিন এবং উপজেলা শ্রমিক দলের সভাপতি ফিরোজ তালুকদার।

তবে পুলিশ এই ঘটনায় জড়িত কাউকে আটক করতে পারেনি।

শরণখোলা থানার ওসি কাজী আব্দুস সালেক বলেন, “গণসংযোগ করে ফেরার পথে বিএনপি সমর্থিত প্রার্থী খান মতিয়ার রহমানের সমর্থকদের ওপর আওয়ামী লীগ সমর্থকরা চড়াও হয়।

“এতে বিএনপির ২-৩জন সমর্থক সামান্য আহত হয়েছেন।”

বিএনপি সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী খান মতিয়ার রহমান জানান, দলীয় নেতাকর্মীদের নিয়ে স্থানীয় রাজাপুর বাজারে গণসংযোগে যাই।

“গণসংযোগ শেষে ফেরার পথে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী কামাল উদ্দিন আকনের সমর্থকরা লাঠিসোটা ও লোহার রড নিয়ে আমার সমর্থকদের ওপর হামলা চালায়।”

এতে তাদের চার নেতা-কর্মী আহত হয়েছেন উল্লেখ করে বলেন, “রক্তাক্ত অবস্থায় রবিউলকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।”

অন্যদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

পুলিশের দাবি ঘটনার সময় পুলিশ সেখানে উপস্থিত থাকায় বড় ধরনের কোন সংঘাত হয়নি।

তবে হামলার বিষয়ে জানতে বার বার ফোন করা হলেও আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী কামাল উদ্দিন আকন মোবাইল ফোন ধরেননি।

আগামী ১৫ মার্চ শরণখোলা উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।