২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বন্দুকযুদ্ধে জামায়াতের মধু ‘ডাকাত’ গুলিবিদ্ধ

সাতক্ষীরায় সাংবাদিক ইয়ারব হোসেন হত্যা প্রচেষ্টা মামলার আসামি জামায়াত কর্মী মোবাশ্বের হোসেন মধু (৩৬) পুলিশের সাথে বন্দুকযুদ্ধে গুলিবিদ্ধ হয়েছেন।

সাতক্ষীরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Mar 2014, 06:51 PM

Updated : 01 Sep 2026, 12:34 PM

তিনি সাতক্ষীরা সদর উপজেলার মথুরাপুর গ্রামের আব্দুল আজিজের ছেলে।

শুক্রবার বেলা সাড়ে ১২টায় সদর উপজেলার দেবনগর চারাবটতলা এলাকায় এ ঘটনা ঘটে।

সাতক্ষীরা সদর থানার ওসি ইনামুল হক সাংবাদিকদের জানান, মধু ডাকাতকে শুক্রবার বেলা সাড়ে ১১টায় গ্রেপ্তার করা হয়।

পরে তার স্বীকারোক্তি মোতাবেক অস্ত্র উদ্ধারে গেলে পথে সদর উপজেলার দেবনগর চারাবটতলা এলাকায় তার সঙ্গীরা তাকে ছিনিয়ে নেয়ার চেষ্টা করে।

এ সময় পুলিশের ওপর গুলি করলে পুলিশও পাল্টা গুলি চালায়।

“মধু ডাকাত গুলিবিদ্ধ হয়ে আহত হয়। এ সময় পুলিশের কনস্টেবল আব্দুল আজিজও আহত হয়েছে।”

গুলিবিদ্ধ অবস্থায় তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মধুর বিরুদ্ধে ৩টি ডাকাতি মামলাসহ ছিনতাই, সরকারি কাজে বাধাদান, গাছ কেটে সড়ক অবরোধ ও নাশকতা সৃষ্টি অভিযোগে সদর থানায় ৬টি মামলা রয়েছে।

গত ৩০ নভেম্বর ১৮ দলীয় জোটের অবরোধের সময় দৈনিক মানবজমিনের সাতক্ষীরা প্রতিনিধি ইয়ারব হোসেনের হাত পা ভেঙে দেয় সন্ত্রাসীরা। এ ঘটনায় করা মামলাও আসামি মধু।

তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন।