২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্ঘটনায় চার জেলায় নিহত ৯

ব্রাহ্মণবাড়িয়া, ময়মনসিংহ, চাঁপাইনবাবগঞ্জ ও নাটোরে বৃহস্পতিবার সড়ক দুর্ঘটনায় নয় জনের মৃত্যু হয়েছে।

জেলা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Mar 2014, 11:01 PM

Updated : 01 Sep 2026, 12:33 PM

এরমধ্যে ব্রাহ্মণবাড়িয়ায় এক পরিবারের চারজনসহ পাঁচজন ও ময়মনসিংহে দুজন রয়েছেন।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি জানান, সরাইল উপজেলায় ঢাকা-সিলেট মহসড়কের বারিউড়ায় জিপ ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই শিশু ও এক নারীসহ পাঁচজন নিহত হয়েছেন।

সরাইল থানার ওসি আলী আশরাফ জানান, বেলা ৩টার দিকে এ সংঘর্ষে নিহতদের চারজন এক পরিবারের এবং একজন সিএনজি চালিত অটোরিকশা চালক।

এরা সবাই অটোরিকশার যাত্রী বলে জানান তিনি।

নিহতরা হলেন ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের চক্ষু বিভাগের উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার এখলাসুর রহমান (২৮), তার স্ত্রী শাহজাদাপুর পূর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মরিয়ম আক্তার ঝর্না (২৫), তাদের দুই ছেলে তাহসিম (৫) ও তানভীর (তিন মাস) এবং অটোরিকশা চালক সরাইলের নোয়াগাও গ্রামের আলমগীর মৃধা (৫০)।

ব্রাহ্মণবাড়িয়ার খাটিহাতা হাইওয়ে পুলিশ ফাঁড়ির সার্জেন্ট মোহাম্মদ নূর জানান, ঢাকাগামী একটি পাজেরো জিপের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষ হয়।

ময়মনসিংহ

ফুলপুর উপজেলায় মোটরসাইকেল ও বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষে দুজনের মৃত্যু হয়েছে।

দুপুরে ইমাদপুরে ময়মনসিংহ-শেরপুর সড়কে এ দুর্ঘটনায় নিহতরা হলেন উপজেলার বাঘাই গ্রামের আব্দুল হামিদ তালুকদারের ছেলে সুমন (২২) ও তিলাটি গ্রামের আবুল হাসেমের মেয়ে ইতি (১৬)।

ফুলপুর থানার এসআই আসাদুজ্জামান টিটু বলেন, নিহত দুজন সম্পর্কে খালাত-ফুফাত ভাই বোন। বাস চালককে আটক করা হয়েছে।

তিনি আরো জানান, সুমন ও ইতি মোটরসাইকেলে করে ফুলপুর থেকে তারাকান্দা যাবার পথে বিপরীত দিকে থেকে আসা শ্যামলী বাংলা পরিবহনের একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

চাঁপাইনবাবগঞ্জ

শিবগঞ্জ উপজেলায় গুড়ভর্তি মহিষের গাড়িকে পেছন থেকে একটি ট্রাক ধাক্কা  দিলে গাড়ি থেকে পড়ে গিয়ে ঘটনাস্থলেই এক ব্যক্তির মৃত্যু হয়।

ভোরে ধার্দুলভপুর বাজার এলাকার এ দুর্ঘটনায় নিহত সহবুল হক (৫৫) উপজেলার পাকা ইউনিয়নের চরপাকা বিশরশিয়া গ্রামের প্রয়াত হেরাশ উদ্দীনের ছেলে।

শিবগঞ্জ থানার ওসি আসিকুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

নাটোর

বেলা ২টায় বড়াইগ্রাম উপজেলার আহম্মেদপুর বাসস্ট্যান্ডে ট্রাকের ধাক্কায় নিহত হন দেলোয়ার হোসেন (২৮)।

দেলোয়ার রাজশাহীর পবা উপজেলার বেড়পাড়া গ্রামের আজাহার আলীর ছেলে এবং আরএফএল প্লাস্টিক কোম্পানীর বিক্রয় প্রতিনিধি।

ঝলমলিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির সার্জেন্ট ফজলুর রহমান জানান, বাসস্ট্যান্ডে ভুটভুটি থেকে নামার সময় দ্রুতগামী একটি ট্রাক দেলোয়ারকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।