মুন্সীগঞ্জে যুবলীগ নেতা ফের গুলিবিদ্ধ
মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় যুবলীগের এক স্থানীয় নেতাকে দ্বিতীয়বারের মতো গুলি করে ও কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার বাঘড়া ইউনিয়ন যুবলীগ সভাপতি শাহিন হোসেনের (৩৫) উপর এ হামলা চালানো হয় বলে পুলিশ জানিয়েছে।
তাকে প্রথমে দোহার উপজেলার ফুলতলা হাসপাতাল এবং পরে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
শ্রীনগর থানার ওসি শেখ মাহবুবুর রহমান জানান, ঢাকা থেকে বাঘড়ায় নিজ বাড়ি যাওয়ার সময় আল আমিন বাজারের কাছে দোহারগামী বসটিতে উঠে হামলাকারীরা শাহিনকে প্রথমে ধারালো অস্ত্র দিয়ে কোপায় এবং পরে গুলি করে বাস থেকে নেমে যায়।
শহিনের উরুতে দুই রাউন্ড ও মাথায় এক রাউন্ড গুলি বিদ্ধ হয়েছে বলেও জানান তিনি।
ওসি আরো বলেন, প্রায় চার মাস আগে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে একইভাবে বাসে উঠে গুলি করা হয়। ওই সময় তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন।
