স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে ঢেলে সাজাতে হবে: প্রধানমন্ত্রী
আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী দেখভালের দায়িত্বে থাকা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাজের পরিধি বেড়ে গেছে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কাজে আরো গতি আনতে এ মন্ত্রণালয়কে ঢেলে সাজানোর পরিকল্পনা রয়েছে।
এ ব্যাপারে আলাপ-আলোচনা চলছে বলেও জানিয়েছেন তিনি। নতুন সরকারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একজন প্রতিমন্ত্রী দিলেও গুরুত্বপূর্ণ ও বৃহৎ এই মন্ত্রণালয়ের দায়িত্ব নিজের কাছেই রেখেছেন প্রধানমন্ত্রী।
পুলিশ সপ্তাহ উপলক্ষে বৃহস্পতিবার বিকালে প্রধানমন্ত্রীর দপ্তরে মূল্যায়ন সভায় শেখ হাসিনা বলেন, “শুধু পুলিশ ডিভিশন নয়, পুরো স্বরাষ্ট্র মন্ত্রণালয়টাকে আমাদের ঢেলে সাজাতে হবে।”
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে পৃথক পুলিশ বিভাগ করার দাবি জানিয়ে আসছে পুলিশ বাহিনী। সকালে রাজারবাগে পুলিশ সপ্তাহ উদ্বোধনী অনুষ্ঠানের পর স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে বৈঠকে পুলিশ কর্মকর্তারা এ দাবি তুলে ধরেন। প্রধানমন্ত্রী বলেন, “স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সমস্যা রয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় বাড়তে বাড়তে এতো বড় হয়ে গেছে যে, বিশাল কর্মযজ্ঞ। পুলিশ তো আছেই, বিজিবি, আনসার ও ভিডিপি, কারাগার, র্যাব- তার সাথে নতুন করে পর্যটন পুলিশ, নৌ পুলিশ, শিল্প পুলিশ, এয়ারপোর্ট পুলিশ- এতোগুলো প্রতিষ্ঠান একই সাথে।” একটি মন্ত্রণালয়ের পক্ষে এতোগুলো বিষয় সঠিকভাবে চালানো কঠিন কাজ মন্তব্য করে বাংলাদেশের সরকার প্রধান বলেন, “সেজন্য কিভাবে মন্ত্রণালয়টাকে ঢেলে আরো সাজানো যায় এবং প্রত্যেকটি বিভাগকে আলাদা আলাদা করে দায়িত্বগুলো যেন সুষ্ঠুভাবে হতে পারে- সেভাবে উর্ধ্বতন কর্মকর্তা নিয়োগ দিয়ে আরো সচল করার সে পরিকল্পনা আমাদের আছে।”
কারাগার এখন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে থাকলেও তা আগে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে ছিল বলে জানান শেখ হাসিনা।
এ পরিস্থিতিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ক্ষে ঢেলে সাজানোর গুরুত্ব তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, “সবাই যেন স্ব স্ব কর্মস্থলে কাজ করতে পারে, তা সরকার নিশ্চিত করতে চায়।” পুলিশ সপ্তাহ উপলক্ষে আয়োজিত এই সভায় পুলিশ সদস্যদের জন্য আরো আবাসনের ব্যবস্থা করার পক্ষে মত দেন প্রধানমন্ত্রী।
“আবাসন সমস্যা দূর করা একান্তভাবে প্রয়োজন বলে আমি মনে করি,” বলেন তিনি। এ সময় পাশে বসা স্বরাষ্ট্র সচিব সি কিউ কে মোস্তাক আহমেদকে উদ্দেশ্য করে প্রধানমন্ত্রী বলেন, “এবার বাজেটে আবাসনকে যুক্ত করতে হবে।”
দশম জাতীয় সংসদ নির্বাচনের আগে রাজনৈতিক কর্মসূচি ঘিরে সংঘটিত সহিংস কর্মকাণ্ড মোকাবেলার জন্য পুলিশ বাহিনীকে ধন্যবাদ জানান শেখ হাসিনা।
তিনি বলেন, “আমি আপনাদের আরো ধন্যবাদ জানাই, এবার যেভাবে ধৈর্য্য সহকারে সে পরিস্থিতি মোকাবেলা করে উত্তরণ ঘটাতে আপনারা যে দায়িত্বশীলতার পরিচয় দিয়েছেন। এবারে যেটা লক্ষণীয়- একটা সরকার একদম শেষ দিন পর্যন্ত একটা দেশ পরিচালনা করতে পারে, এই ধরনের প্রতিবন্ধকতার মধ্যেও – এই দৃষ্টান্ত যে সৃষ্টি হয়েছে, এর মুখ্য ভূমিকায় ছিল পুলিশ বাহিনী।” একইসঙ্গে বিজিবি, র্যাব, আনসার ও ভিডিপি এবং সশস্ত্র বাহিনীকে ধন্যবাদ জানান প্রধামন্ত্রী।
তিনি বলেন, “শত উস্কানির মুখেও সশস্ত্র বাহিনী একেবারে জনগণের সাথে, জনগণের আকাঙ্ক্ষা বুঝে দায়িত্বশীল ভূমিকা পালন করেছে। সে সাথে আমাদের প্রশাসন, প্রসাশনের কর্মকর্তা ঐক্যবদ্ধভাবে পরিস্থিতি মোকাবেলা করেছেন।”
স্বাধীনতাবিরোধী সাম্প্রদায়িক শক্তি দেশে একটি অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টা চালিয়েছিল মন্তব্য করে শেখ হাসিনা বলেন, “বিএনপি-জামাত এক হয়ে স্বাধীনতা ও সার্বভৌমত্ব নস্যাৎ করা এবং দেশকে একটি জঙ্গি রাষ্ট্রে পরিণত করার অপচেষ্টা চালায়। তাদের উদ্দেশ্যই ছিল, দেশকে উন্নয়ন ও অগ্রগতির আলোকিত পথ থেকে আবারো অন্ধকারে নিয়ে যাওয়া।” গত সরকারের সময়ে জাতীয় সংসদের উপ-নির্বাচনসহ স্থানীয় সরকার পর্যায়ের পাঁচ হাজারের বেশি নির্বাচন ‘সুষ্ঠুভাবে’ শেষ হওয়ায় পুলিশকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী।
রাজনৈতিক কর্মসূচিতে পুলিশের ওপর হামলার ঘটনার নিন্দা জানিয়ে শেখ হাসিনা বলেন, “সব থেকে দুঃখ লাগে বিশেষ করে তাদের লক্ষ্য বস্তুতে পরিণত হয়েছিল পুলিশ বাহিনী। অনেক সময় আমি নিজে জানি- তাদের বক্তবই ছিল, প্রতিদিন দশটা বারোটা পুলিশ মারলেই নাকি সব ঠাণ্ডা হয়ে যাবে। আন্দোলনকারী দলের মুখ থেকে এই রকম কথা বের হবে- তা ভাবতেও পারিনি। তারা যখন একজন আরেকজনের সাথে কথা বলতেন, এই সব নির্দেশই দিতেন।”
সভায় পুলিশকে যথাযথভাবে দায়িত্ব পালন করতে বলেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, “মানুষের উন্নয়ন নিশ্চিত করতে প্রয়োজন সুশাসন, স্থিতিশীলতা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি- সে দায়িত্বটা আপনাদের ওপর রয়েছে। মানুষের অধিকার সংরক্ষণ এবং জীবনযাত্রা নিরাপদ করার দায়িত্ব আপনারা পালন করে যাচ্ছেন। ধারাবাহিকতা বজায় রাখবেন- এটাই আমরা চাই।”
সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে সর্বোচ্চ গুরুত্ব দিতে নির্দেশ দেন প্রধানমন্ত্রী।
“জঙ্গিবাদী ও সন্ত্রাসীদের মোকাবেলায় যে সকল এলাকায় যে ধরনের গাড়ি বা সরঞ্জাম দরকার তা দেব। পুলিশ যেন জঙ্গিবাদ ও সন্ত্রাস বন্ধে সামর্থ হয়- সে পদক্ষেপ নেয়া হবে।” পুলিশের উন্নয়নে নেয়া বিভিন্ন পদক্ষেপ তুলে ধরে তিনি বলেন, “সকলের কর্মঘণ্টা রয়েছে। আমাদের পুলিশ বাহিনীর কোনো কর্মঘণ্টা নাই। আমি আপনাদের সাথে এক সাথে। আমারো কিন্তু কর্মঘণ্টা নাই।
“আপনারা মানুষের সেবক। আপনারা মানুষের সেবা করবেন।” চোরাচালান, নারী ও শিশু পাচার এবং মাদকের ব্যবহার বন্ধে পুলিশকে আরো উদ্যোগী হতে তাগাদা দেন প্রধানমন্ত্রী।
পুলিশের দাবি অনুযায়ী তাদের এলাকাভিত্তিক যানবাহন ও সরঞ্জাম দেয়ার পাশপাশি পর্যায়ক্রমে বাহিনীর লোকবল আরো ৫০ হাজার বাড়ানোর প্রতিশ্রুতি দেন তিনি।
প্রতিটি আন্তর্জাতিক বিমানবন্দরের জন্য পুলিশ ইউনিট গঠন করার কথাও বলেন তিনি।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর উপদেষ্টা হোসেন তৌফিক ইমাম, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, পুলিশের মহাপরিদর্শক হাসান মাহমুদ খন্দকার, অতিরিক্ত মহাপরিদর্শক শহীদুল হক, ডিএমপি কমিশনার বেনজীর আহমেদসহ উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
