২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সবাই বিদেশ সফরে ব্যস্ত: মঞ্জু

নিজ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সেমিনার ও বিদেশ সফর নিয়ে উষ্মা প্রকাশ করেছেন পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু।

সংসদ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Mar 2014, 08:09 PM

Updated : 01 Sep 2026, 12:33 PM

বৃহস্পতিবার জাতীয় সংসদে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “এটি এমন এক মন্ত্রণালয় যেখানে সবাই সেমিনার ও বিদেশ সফর নিয়ে ব্যস্ত থাকেন। অবস্থা এমন যে, সংসদে আসার আগে আজকেও দুটো ফাইল সাইন করেছি।”

যশোর-৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদের প্রশ্নের জবাবে তিনি আরো বলেন, “আমি এসব বিদেশ সফর ডিসকারেজ করছি।”

কাজী নাবিল পরিবেশ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সক্ষমতা বৃদ্ধির জন্য নেয়া পদক্ষেপ সম্পর্কে জানতে চাইলে বিদেশ সফর নিয়ে কথা বলেন মন্ত্রী।

জাতীয় পার্টির (জেপি) চেয়ারম্যান মঞ্জু ১৯৯৬ সালে শেখ হাসিনার সরকারে যোগাযোগমন্ত্রী ছিলেন। ’৮০ এর দশকে একনায়ক এইচ এম এরশাদের আমলেও মন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি।

ওয়ার্কার্স পার্টির সংসদ সদস্য মুস্তফা লুৎফুল্লাহ’র এক প্রশ্নের জবাবে মঞ্জু জানান, রাজনৈতিক ডামাডোলে কাটা পড়া গাছের ক্ষতিপূরণে সারাদেশের বিভিন্ন সড়কের পাশে ৬৫২ কিলোমিটারজুড়ে বাগান তৈরির পরিকল্পনা নেয়া হয়েছে।

গত ৬ ফেব্রুয়ারি সংসদে এক প্রশ্নের জবাবে মঞ্জু জানান, রাজনৈতিক ডামাডোলে গত এক বছরে শুধু বন বিভাগেরই ১৪ হাজার গাছ কাটা পড়েছে।

নির্বাচন বর্জনকারী বিএনপি নেতৃত্বাধীন জোটের হরতাল-অবরোধের মধ্যে দেশের বিভিন্ন স্থানে গাছ কেটে সড়কে ফেলে চলাচল প্রতিবন্ধকতা তৈরি করা হয়। এছাড়া হেফাজতে ইসলামীর তাণ্ডবের সময়ও কেটে ফেলা হয় অসংখ্য গাছ।

জাতীয় পার্টির কাজী ফিরোজ রশীদের প্রশ্নের জবাবে বনমন্ত্রী মঞ্জু জানান, গত ৫ বছরে ১৫ জন মন্ত্রী-প্রতিমন্ত্রী/সমমর্যাদার ব্যক্তিকে পারমিটের মাধ্যমে সেগুন কাঠ সরবরাহ করা হয়েছে।

প্রবাসী কল্যাণমন্ত্রী খন্দকার মোশারফ হোসেন ৩৪৯ দশমিক ৯৯ ঘনফুট কাঠ নিয়েছেন। এর জন্য তিনি ১ লাখ ২৮ হাজার ৮১৯ টাকা পরিশোধ করেছেন।

সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী এ বি তাজুল ইসলাম সাড়ে তিনশ ঘনফুটের জন্য পরিশোধ করেছেন ৩ লাখ ৭৭ হাজার ৯০ টাকা।

সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী মাহবুবুর রহমান ৩৪৯ দশমিক ৯১ ঘনফুট কাঠের জন্য পরিশোধ করেছেন এক লাখ ২১ হাজার ৪৭ টাকা। সাবেক শ্রম প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান ৩৫০ দশমিক ৫৯ ঘনফুটের জন্য পরিশোধ করেছেন ২ লাখ ৩ হাজার ৩৯৮ টাকা।

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সাবেক চেয়ারম্যান সংসদ সদস্য বীর বাহাদুর উ শৈ সিং ৩৫০ দশমিক ৮৮ ঘনফুটের জন্য ২ লাখ ৭ হাজার ১৮১ টাকা পরিশোধ করেছেন।

বর্তমান রাষ্ট্রপতি আবদুল হামিদ স্পিকারের দায়িত্বে থাকার সময় ৩৫০ ঘনফুট কাঠের জন্য ২ লাখ ১৯ হাজার ৫৮৩ টাকা। বর্তমান প্রধান হুইপ আ স ম ফিরোজ নবম সংসদের হুইপ হিসেবে ৩৫০ ঘনফুট কাঠের জন্য ২ লাখ ৪৭ হাজার ৭৯১ টাকা পরিশোধ করেছেন।

সাবেক ধর্ম প্রতিমন্ত্রী শাহজাহান মিয়া ৩৫০ দশমিক ৮১ ঘনফুট কাঠের জন্য ১ লাখ ৯৫ হাজার ৮৩২ টাকা পরিশোধ করেছেন। সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী আবদুল হাই সাড়ে তিনশ ঘনফুট কাঠের জন্য সরকারি কোষাগারে দিয়েছেন ১ লাখ ৬২ হাজার ৯৫৪ টাকা।

সাবেক হুইপ সাগুফতা ইয়াসমিন এমিলি সাড়ে তিনশ ঘনফুট কাঠের জন্য ১ লাখ ৮৯ হাজার ৮৮ টাকা পরিশোধ করেছেন। বস্ত্র ও পাটমন্ত্রী নবম সংসদে হুইপ থাকাকলীন সাড়ে তিনশ ঘনফুটের জন্য পরিশোধ করেছেন ২ লাখ ১৬ হাজার ৬৩৪ টাকা।

প্রতিমন্ত্রীর পদমর্যাদার প্রাইভেটাইজেশন কমিশনের সাবেক চেয়ারম্যান মির্জা আব্দুল জলিল ৩৫০ ঘনফুট কাঠের জন্য পেয়েছেন ১ লাখ ৮৯ হাজার ৬৬২ টাকা।