নওগাঁয় কলেজছাত্রের লাশ উদ্ধার, ৪ বন্ধু আটক
নওগাঁর মান্দা উপজেলায় অপহরণের ২৬ দিন পর এক কলেজছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘটনায় জড়িত অভিযোগে তার চার বন্ধুকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলার গণেশপুর ইউনিয়নের নীলকুঠি বউমারিডাঙ্গা এলাকার একটি ইরিধানের ক্ষেতে সোহেল রানার (১৮) লাশ পাওয়া যায়।
সোহেল উপজেলার কামারকুড়ি গ্রামের কাঠ ব্যবসায়ী জনাব আলীর ছেলে ও আলহেরা কৃষি কলেজের এইচএসসি পরীক্ষার্থী।
এ ঘটনায় আটকরা হলেন, উপজেলার উত্তর পারইল গ্রামের মোয়াজ্জেম হোসেনের দুই জমজ ছেলে মোক্তাদুর আহসান (২০) ও মোস্তফা কামাল (২০), আবুল হোসেন সরদারের ছেলে সাজেদুর রহমান শামীম (১৯) এবং শ্রীরামপুর মধ্যপাড়া গ্রামের হবিবর রহমানের ছেলে এখলাসুর রহমান (২০)।
মহাদেবপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. মনিরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মোক্তাদুর ও এখলাসুরের দেয়া স্বীকারোক্তিতে সোহেলের লাশটি উদ্ধার করে পুলিশ।
তিনি বলেন, মোবাইল ফোনের সূত্র ধরে মামলার তদন্ত কর্মকর্তা এসআই শহিদুল ইসলাম শহীদ সোহেলের এই চার বন্ধুকে বুধবার রাতে আটক করেন।
“ওই সময় হত্যাকাণ্ডে ব্যবহার করা দুটি হাতুড়ি ও কোদাল উদ্ধার করা হয়েছে।”
এএসপি মনিরুল জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা সোহেলকে হত্যা ও লাশ পুঁতে রাখার বিষয়টি স্বীকার করেছে।
লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
নিহতের ভগ্নিপতি আইনাল হক জানান, গত ৮ ফেব্রুয়ারি সন্ধ্যার দিকে ফেরিঘাট এলাকা থেকে সোহেল নিরুদ্দেশ হয়। এ ঘটনায় ১২ ফেব্রয়ারি মান্দা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।
এরপর একটি চক্র সোহেলকে ফেরত দিতে মোবাইল ফোনে ২০ লাখ টাকা চাঁদা দাবি করে। ওই চাঁদা দাবির ঘটনায় সোহেলের বাবা জনাব আলী গত ১ মার্চ থানায় আরেকটি মামলা করেন।
এএসপি মো. মনিরুল ইসলাম জানান, ৮ ফেব্রুয়ারি সন্ধ্যার দিকে মোক্তাদুর ও এখলাসুর মোবাইল ফোনে সোহেলকে নীলকুঠি এলাকায় ডেকে নেয়। পরে সেখানে বউমারিডাঙ্গার নির্জন খালের ধারে নিয়ে মাথায় হাতুড়ি দিয়ে উপর্যুপরি আঘাত করে সোহলকে হত্যা করা হয়।
পরে তার লাশটি খালের ধারের একটি জমিতে পুঁতে রাখে তারা।
