বাকলিয়ায় ‘চাঁদাবাজ’ নাছির গ্রেপ্তার
চট্টগ্রামের বাকলিয়া থানার মিয়াখান নগর এলাকা থেকে চিহ্নিত এক চাঁদাবাজকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকাল ১০টার দিকে গ্রেপ্তার হওয়া এই ব্যক্তির নাম মো. নাছির (৩৫), তিনি কাউয়া নাছির নামে এলাকায় পরিচিত।
বাকলিয়া থানার ওসি মোহাম্মদ মহসিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নাছিরের বিরুদ্ধে বাকলিয়া থানায় অস্ত্র, হত্যা, চাঁদাবাজির অভিযোগে মোট পাঁচটি মামলা রয়েছে।
তিনি বলেন, নাছির বাকলিয়া এলাকার চিহ্নিত চাঁদাবাজ। সম্প্রতি একটি অস্ত্র মামলায় কারাভোগ করে বেরিয়ে এসে পুনরায় চাঁদাবাজিতে জড়িয়ে পড়ে।
কয়েকদিন আগে বাকলিয়াতে এক অটোরিকশা চালককে আটক করে ১ লাখ টাকা চাঁদা দাবি করার অভিযোগে নাছিরকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান ওসি।
এই মামলায় নাছিরকে জিজ্ঞাসাবাদের জন্য সাতদিনের রিমান্ডে নেয়ার আবেদন আদালতে করা হয়েছে বলেও জানান তিনি।
