২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে স্বামী-স্ত্রীর ‘রহস্যজনক' মৃত্যু

চট্টগ্রামে এক দম্পতির ‘রহস্যজনক’ মৃত্যু হয়েছে। স্বজনরা খুনের অভিযোগ আনলেও পুলিশ বলছে নিছক দুর্ঘটনা।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Mar 2014, 02:13 PM

Updated : 01 Sep 2026, 12:33 PM

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির নায়েক পঙ্কজ বড়ুয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল সাড়ে ৬টার দিকে আহত অবস্থায় স্থানীয়রা তাদের হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে জানান।

এরা হলেন- আকবর শাহ থানার পূর্ব ফিরোজ শাহ কলোনির বাসিন্দা ও পূর্ব ফিরোজ শাহ সিটি করপোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়ের গণিতের শিক্ষক রাজীব চৌধুরী (৪০) ও তার স্ত্রী হাটহাজারী উপজেলা খাদ্য বিভাগের সহকারী পরিদর্শক সঞ্চিতা শীল (৩৫)।

নগরীর আকবর শাহ থানার ওসি আব্দুল মজিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সকাল ৬টার দিকে সঞ্চিতা শীল তিন তলা ভবনের ছাদে দাঁড়িয়ে ফুল তুলছিলেন। নিচে দাঁড়ানো ছিলেন স্বামী রাজীব চৌধুরী। সঞ্চিতা ছাদ থেকে ফুল তুলে নিচে রাজীবকে ছুড়ে দিচ্ছিলেন।

“ছাদের রেলিং কয়েকদিন আগে তৈরি। অসাবধানতাবশত ছাদের রেলিং ভেঙ্গে সঞ্চিতা নিচে দাঁড়ানো রাজীবের ওপর গিয়ে পড়েন। এতেই দুজন মারা যান।”

ঘটনাস্থলে থাকা আকবর শাহ থানার এসআই তফাজ্জল হোসেন বলেন, স্থানীয়দের জিজ্ঞাসাবাদ ও আলামত দেখে প্রাথমিকভাবে ধারণা করছি ওপর থেকে রেলিং ভেঙ্গে সঞ্চিতা নিচে রাজীবের ওপর পড়ে যান।

তবে রাজীবের ভাই অভিজিৎ চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এটা পরিকল্পিত হত্যাকাণ্ড। আমার দাদার মাথায় আঘাতের চিহ্ন ও বৌদির হাত-পায়ের রগ ছিড়ে গেছে।

কী কারণে তাদের খুন করা হতে পারে জানতে চাইলে অভিজিৎ বলেন, দাদা নতুন তিন তলা বাড়ি করেছেন। স্থানীয় কেউ হয়ত চাঁদা দাবি করতে পারেন।

“এছাড়া স্কুলে জনপ্রিয় শিক্ষক হওয়ায় তার সঙ্গে কারো বিরোধ থাকতে পারে। কেন খুন সেটা নিশ্চিত করে বলতে পারছি না। পুলিশ আর আপনারা তদন্ত করে দেখুন।”

রাজীবের স্বজনের অভিযোগের বিষয়ে জানতে চাইলে ওসি আব্দুল মজিদ বলেন, “এখন পর্যন্ত আমরা নিশ্চিত এটা নিছক দুর্ঘটনা।”

লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নিহত দম্পতির অক্ষয়া চৌধুরী অর্পা নামে নয় বছর এবং আদৃতা চৌধুরী নামে সাড়ে তিন বছরের দুটি মেয়ে রয়েছে।