কিশোরগঞ্জে অপহৃত কিশোর টাঙ্গাইলে উদ্ধার, আটক ১
কিশোরগঞ্জ জেলার কটিয়াদিতে চার দিন আগে অপহৃত এক কিশোরকে টাঙ্গাইল থেকে উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার ভোরে মধুপুর উপজেলার ছনখোলা গ্রামে মধুপুর থানা পুলিশের সহযোগিতায় কটিয়াদি থানা পুলিশের এই অভিযানে এক অপহরনকারীকেও আটক করা হয়।
মধুপুর থানার ওসি মজিবর রহমান জানান, উদ্ধার হওয়া কিশোরের নাম আজিজুল হক (১৬)। সে কটিয়াদি থানার চারিপাড়া গ্রামের হাজী মুহাম্মদ রজব আলীর ছেলে।
আটক ফরিদ (৩৭) ওই পরিবারের পরিচিত বলেও জানান ওসি।
তিনি বলেন, “ফরিদ গত ২ মার্চ মোবাইলে ফোনে বাসা থেকে ডেকে নিয়ে আজিজুলকে আটকে বিভিন্ন স্থানে রাখে। তার মুক্তির জন্য পরিবারের কাছে তিন লাখ টাকা দাবি করে ফরিদ।”
৩ মার্চ থানায় অভিযোগ এলে পুলিশ ফরিদের ফোনকল ‘ট্র্যাক করে’ তার অবস্থান সম্পর্কে নিশ্চিত হয়। এরপর ভোরের দিকে ওই গ্রামে অভিযান চালিয়ে আজিজুলকে উদ্ধার এবং ফরিদকে আটক করা হয়।
