প্রতারণা: সাবেক সেনা সদস্য গ্রেপ্তার
প্রতারণার অভিযোগে রাজধানীর আদাবর থেকে সৈয়দ আবু জাফর নামে সেনাবাহিনীর সাবেক এক সদস্যসহ দুজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। গ্রেপ্তার অন্যজন আবু জাফরের জামাতা মাসুম আল হোসেন।
গোয়েন্দা পুলিশ বলছে, বিভিন্ন জনকে সেনা, নৌ, বিজিবিতে চাকরি দেয়ার নাম করে লাখ লাখ টাকা আত্মসাতের অভিযোগে আদাবর থানায় দায়ের করা মামলার ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
তবে জাফরের একমাত্র ছেলে শামসুল আরেফিন দাবি করেছেন, গোয়েন্দা পুলিশ ‘মিথ্যা’ অভিযোগে তাদের ধরে নিয়েছে। পরে ছেড়ে দেয়ার শর্তে ১০ লাখ টাকাও দাবি করেছে।
গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ কমিশনার ছানোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আবু জাফর একজন প্রতারক। তার দ্বারা প্রতারিত হয়েছে এমন কয়েকজন এসে আমাদের কাছে অভিযোগ করার পর বিষয়টি নিয়ে তদন্ত করা হয়। পরে তার সংশ্লিষ্টতা নিশ্চিত হওয়ার পর মঙ্গলবার রাতে তাদের গ্রেপ্তার করা হয়।”
তিনি জানান, এনামুল হোসেন এবং সাইফুল ইসলাম নামের দুই ব্যক্তির কাছ থেকে প্রায় ১১ লাখ টাকা আত্মসাত করার অভিযোগ তাদের কাছে আছে।
আবু জাফরের ছেলে আরেফিন বলেন, তারা বাবা মেজর পদমর্যাদার কর্মকর্তা ছিলেন। এরশাদ সরকার আমলে তার চাকরি চলে যায়।
তবে গোয়েন্দা কার্যালয়ে সাংবাদিকদের সামনে পুলিশের প্রশ্নে আবু জাফর বলেন, তিনি হাবিলদার ছিলেন। প্রায় ১৪/১৫ বছর আগে চাকরি ছেড়ে দেন।
আবু জাফরের দাবি, তিনি রক্ষীবাহিনীতে সিপাহি হিসাবে যোগ দিয়েছিলেন এবং পরে হাবিলদার হিসাবে পদোন্নতি পান।
গোয়েন্দা পুলিশের পরিদর্শক আলমগীর হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আবু জাফরকে তার সেনাবাহিনীতে চাকরি সংক্রান্ত যে কোনো ধরনের কাগজ দেখাতে বলা হয়। কিন্তু বুধবার সন্ধ্যা পযন্ত তা দেখাতে পারেননি।
এই ঘটনায় সাইফুল বাদি হয়ে টাকা আত্মসাতের অভিযোগ এনে আদাবর থানায় যে মামলা করেছেন, তাতে আবু জাফর, জামাতা মাসুম আল হোসেনের সঙ্গে হাফিজ নামে আরেকজনকেও আসামি করা হয়।
সাইফুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, চাকরি দেয়ার আশ্বাস দিয়ে তার কাছ থেকে কয়েক ধাপে ৬ লাখ টাকা নেয় আবু জাফর ও তার সহযোগীরা।
আবু জাফরের ছেলের দাবি, তার বাবাকে আটকের সময় পুলিশ তাদের বাসা তছনছ-ভাংচুর করেছে। বাসা থেকে টাকা নিয়ে গেছে এবং তাদের জায়গার দলিল ছিড়ে ফেলেছে।
তবে পুলিশ কর্মকর্তা ছানোয়ার বলেন, এসব অভিযোগ মিথ্যা। যা করা হচ্ছে আইনানুযায়ী করা হচ্ছে।
