২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যে কোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত: হাসিনা

বিএনপির বর্জনের মধ্যে নির্বাচন করে টানা দ্বিতীয় মেয়াদে প্রধানমন্ত্রীর দায়িত্ব নেয়া শেখ হাসিনা ভবিষ্যতে যে কোনো পরিস্থিতি মোকাবেলা করে এগিয়ে যাওয়ার কথা বলেছেন।

সংসদ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Mar 2014, 08:51 PM

Updated : 01 Sep 2026, 12:33 PM

উপজেলা নির্বাচনের পর বিএনপির সরকার পতনের আন্দোলনের হুমকির প্রেক্ষাপটে বুধবার সংসদে তিনি এই ঘোষণা দেন।

“আমরা উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে পারব। যে কোনো অবস্থা মোকাবেলা করে এগিয়ে যাওয়ার সাহস ও মনোবল আমাদের আছে, পরিকল্পনা আমাদের আছে। দেশবাসীকে আশ্বস্ত করতে চাই, ইনশাল্লাহ আমরা সফল হব।”

সুশাসন প্রতিষ্ঠা, দুর্নীতি বন্ধ এবং রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিতের চ্যালেঞ্জ মোকাবেলায় সরকার কী কী পদক্ষেপ নেবে-  সংসদ সদস্য রুস্তম আলী ফরাজীর এই প্রশ্নে ওই কথা বলেন আওয়ামী লীগ সভানেত্রী।

তিনি প্রশ্নকারী সংসদ সদস্যের উদ্দেশে বলেন, “মাননীয় সংসদ সদস্য একটু হতাশায় ভোগেন।”

বিএনপির নির্বাচন প্রতিহতের ঘোষণা ছিল, অধিকাংশ পশ্চিমা দেশের আপত্তি ছিল; তার মধ্যেই গত ৫ জানুয়ারি দশম সংসদ নির্বাচনের মধ্য দিয়ে পুনরায় ক্ষমতাসীন হয় আওয়ামী লীগ।

শেখ হাসিনা বলেন, “বিরোধী দলের উদ্দেশ্য ছিল, হরতাল ও অবরোধের নামে মানুষ আর আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের হত্যা করা।

“তারা আন্দোলনে জনগণকে সম্পৃক্ত করতে না পারেনি। জনগণ সাড়া দেয়নি। তাই তারা আন্দোলনের নামে মানুষ হত্যা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের হত্যা, বাসে অগ্নিসংযোগে লিপ্ত হয়েছিল।”

তবে সরকার তা মোকাবেলা করতে পেরেছে বলে দাবি করেন প্রধানমন্ত্রী। নাশকতার জন্য দায়ীদের বিচার করা হবে বলে আবারো জানান তিনি।

বিএনপি-জামায়াত নেতৃত্বাধীন জোটের সমালোচনা করে তিনি বলেন, ওই বাংলাদেশ দুর্নীতিগ্রস্ত ও জঙ্গিবাদের দেশ হিসাবে পরিচিতি পেয়েছিল।

চারদলীয় জোট এবং তার পরের দুই বছর তত্ত্বাবধায়ক সরকারের শাসনে দেশ বিপর্যয়ে পড়েছিল দাবি করে হাসিনা বলেন, “ওই বিপর্যন্ত অবস্থা এবং বিশ্ব মন্দার চ্যালেঞ্জ মোকাবেলা করে যখন এত দূর আসতে পেরেছি, উন্নয়নের ধারাবাহিকতাও বজায় রাখতে পারব।”

প্রথম পদ্মা সেতুর পাশাপাশি দ্বিতীয় পদ্মা সেতু করার পরিকল্পনাও সরকারের রয়েছে বলে জানান তিনি।

ঢাকাকে দূষণের হাত থেকে রক্ষায় সরকারের পরিকল্পনা প্রধানমন্ত্রীর কাছে জানতে চান কুমিল্লা-৮ আসনের সংসদ সদস্য মো. নুরুল ইসলাম মিলন।

উত্তরে হাসিনা উদীয়মান অর্থনীতির দেশ হিসেবে নগরের বিকাশকে এই দূষণের জন্য দায়ী করলেও রাজধানীতে কাবন নির্গমনের মাত্রা এখনো মানমাত্রার মধ্যেই রয়েছে বলে জানান।

পরিবেশ দূষণ, অপরাধ নিয়ন্ত্রণ, জনস্বাস্থ্য সুরক্ষা, শিল্পবান্ধব পবিরেশ সৃষ্টি এবং যানজট নিরসনে সরকারের নেয়া পদক্ষেপগুলো তুলে ধরেন তিনি।

তবে সেইসঙ্গে স্বীকার করেন, “এটা ঠিক যে, ঢাকা মহানগরী যানজট, জলাবদ্ধতা, পরিবেশ দূষণ, আবাসনের ঘাটতিসহ নানাবিধ সমস্যায় জর্জরিত।”

যানজট নিরসনে সুষ্ঠু ও পরিকল্পিত ট্রাফিক ব্যবস্থাপনার ওপর সরকার গুরুত্বারোপ করছে বলে জানান প্রধানমন্ত্রী।