২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেনাপোলে রাজস্ব আদায়ে ঘাটতি

বেনাপোল শুল্কভবনে চলতি অর্থবছরের প্রথম আট মাসে লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় ৬৬ কোটি টাকা কম রাজস্ব আদায় হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Mar 2014, 08:06 PM

Updated : 01 Sep 2026, 12:33 PM

বন্দরে দুর্নীতি, হয়রানি, পণ্যচুরি ও শুল্কফাঁকির প্রবণতা বেড়ে যাওয়াই রাজস্ব ঘাটতির মূল কারণ হিসেবে চিহ্নিত করেছেন ব্যবসায়ীরা।

তবে রাজস্ব কর্মকর্তারা এসব অভিযোগ অস্বীকার করে রাজনৈতিক অস্থিরতা এবং সীমান্তের ওপাড়ের কয়েকটি সমস্যাকে কারণ হিসেবে উল্লেখ করেছেন।

বেনাপোল কাস্টমস ক্লিয়ারিং এন্ড ফরোয়ার্ডিং এজেন্টস অ্যাসোসিয়েশনের শুল্ক বিষয়ক সম্পাদক নাসির উদ্দিনের অভিযোগ, চলতি অর্থ বছরের শুরু থেকেই দেশের সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপোলে অনিয়ম দুর্নীতি বেড়ে যায়।

তিনি বলেন, এ সময়ে শুল্ক ফাঁকির জন্যই একটি শক্তিশালী সিন্ডিকেট গড়ে ওঠে।

সিন্ডিকেট সদস্যরা কাস্টমস্, বন্দর, বন্দরের নিরাপত্তায় নিয়োজিত আনসার বাহিনী, সিকিউরিটি গার্ডদের মোটা অংকের টাকা ঘুষ দিয়ে আমদানি করা পণ্যের কোটি কোটি টাকার শুল্ক ফাঁকি দিচ্ছে বলে অভিযোগ রয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি আরো বলেন, রাজস্ব ফাঁকি, ঘুষ বাণিজ্য, জাল-জালিয়াতি, অনিয়ম-দুর্নীতির মাধ্যমে ব্যবসায়ী, বন্দর ও কাস্টমস কর্মকর্তারা রাতারাতি কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছেন।

“তাদের এসব কর্মকাণ্ডে প্রতিবছর কোটি কোটি টাকার রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে সরকার।”

বেনাপোল ক্লিয়ারিং এন্ড ফরোয়াডিং এজেন্টস অ্যসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক জামাল হোসেন বলেন, ব্যবসায়ী ও বন্দর ব্যবহারকারীরা শুল্ক বিভাগের কাছে প্রতিনিয়ত হয়রানি ও নানা সমস্যার শিকার হচ্ছেন।

“বন্দর পণ্যাগার থেকে নিয়মিত পণ্য চুরির ঘটনায় অনেক আমদানিকারক এ বন্দর ছেড়ে অন্য বন্দরে চলে যাচ্ছেন। বন্দর কর্তৃপক্ষ পণ্যচুরি রোধে কোনো কার্যকর ব্যবস্থা নিতে পারছে না।”

অভিযোগ অস্বীকার করে বেনাপোল শুল্কভবনের যুগ্ম কমিশনার-১ ফাইজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অর্থবছরের প্রায় শুরুতে তখনকার বিরোধী দলের অবরোধ ও হরতালসহ রাজনৈতিক অস্থিরতার কারণে রাজস্ব ঘাটতি হয়েছে।

তাছাড়া ভারতে আন্দোলন, শ্রমিক ধর্মঘট, ওপারে ইন্টারনেট সংযোগে (লিংক) সমস্যা ও সীমান্ত পথে আমদানিযোগ্য ‘পণ্য পাচার’ বেড়ে যাওয়াকেও রাজস্ব ঘাটতির কারণ বলে মনে করেন তিনি।

বেনাপোল শুল্কভবনের এই যুগ্ম কমিশনার জানান, চলতি অর্থবছরের জুলাই ও সেপ্টেম্বর মাসে বন্দরে গাড়ি আমদানি বেশি হয়েছে। ওই সময় উচ্চ শুল্কযুক্ত পণ্য আমদানি হবার কারণে দুই মাসে রাজস্ব আদায় লক্ষ্যমাত্রার চেয়ে কিছুটা বেশি হয়।

কিন্তু রাজনৈতিক অস্থিরতার কারণে অগাস্ট, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে লক্ষ্যমাত্রা পূরণ হয়নি বলে জানান তিনি।

বেনাপোল শুল্কভবনের প্রোগ্রামার (কম্পিউটার শাখার কর্মকর্তা) গোলাম কবীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ২০১৩-১৪ অর্থবছরের প্রথম আট মাসের (ফেব্রুয়ারি পর্যন্ত)১৫২০ কোটি ৮০ লাখ টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে রাজস্ব আদায় হয়েছে ১৪৫৫ কোটি টাকা।

স্থলবন্দরটির পরিচালক (ট্রাফিক) আনোয়ার হোসেন মল্লিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ২০০১ সালে বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপকক্ষ গঠনের পর থেকে বেনাপোল বন্দরে গড়ে উঠে একটি চোর সিন্ডিকেট।

তবে তিনি দায়িত্ব নেয়ার পর থেকে বন্দর সংশ্লিষ্ট কেউ এসব কাজে যুক্ত থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন বলে দাবি করেন তিনি।

আনোয়ার আরো দাবি করেন, বন্দরের দুর্নীতি কমায় আমদানি-রপ্তানির পরিমাণ দিন দিন বাড়ছে।